জেলেদের চাল চুরি : চাঁদপুরে ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত
- Update Time : 02:26:08 pm, Monday, 12 October 2026
- / 4 Time View
চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের জেলেদের জন্য বরাদ্দ ১১ দশমিক ২৫ টন চালের মধ্যে প্রায় ৫ টন চুরি করে বিক্রির অভিযোগে ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা গোলাম মোস্তফা শামীমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করার প্রস্তুতি চলছে।
সোমবার (১২ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) আহমেদ জিয়াউর রহমান।
জেলা প্রশাসক বলেন, গতকাল চাল জব্দের পর ওই প্রশাসনিক কর্মকর্তাকে রাতে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। এরপর তিন সদস্যের তদন্ত কমিটি তাকে জিজ্ঞাসাবাদ করে। এ ঘটনায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং তার বিরুদ্ধে বিভাগীয় মামলা প্রক্রিয়াধীন।
তবে ওই কর্মকর্তা শারীরিকভাবে অসুস্থ থাকায় তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এর আগে গতকাল রবিবার (১১ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাশেম একটি মিনি ট্রাকসহ ৪ হাজার ৯৩০ কেজি চাল জব্দ করেন। চালগুলো চাঁদপুর কেন্দ্রীয় খাদ্য সংরক্ষণাগার (সিএসডি) গোডাউন থেকে চুরি করে বিক্রি করা হয়েছিল। পরে জব্দ করা চাল সিএসডি গোডাউনে সংরক্ষণ করা হয়।
চাল পরিবহনের দায়িত্বে থাকা পিকআপচালক শাহাদাত বলেন, সিএসডি গোডাউন থেকে ভাড়া নিয়ে তিনি চালগুলো কুমিল্লার লাকসামে নিয়ে যাচ্ছিলেন। চালের মালিকের নাম তাকে জানানো হয়নি। বলা হয়েছিল, লাকসামে পৌঁছালে মালিকের নাম জানানো হবে। তবে পথে হাজীগঞ্জে পৌঁছানোর পর ফোন করে চালগুলো ফেরত নিয়ে আসতে বলা হয়। চাল বিক্রির টোকেনে ৪ হাজার ৯৩০ কেজি পরিমাণ উল্লেখ থাকলেও মালিকের নাম লেখা ছিল না।
খোঁজ নিয়ে জানা যায়, মা ইলিশ রক্ষায় ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন নিবন্ধিত জেলেদের মধ্যে চাল বরাদ্দ দিয়েছে সরকার। এর অংশ হিসেবে চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের ৪ হাজার ৯৭০ জন জেলের জন্য ১১ দশমিক ২৫ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে ওই চাল বিতরণ করা হয়নি।









