গাজীপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ করবেন ২৬৬৫ জন : জেলা প্রশাসক
- Update Time : 02:40:50 pm, Monday, 12 October 2026
- / 2 Time View
বিএনপির নির্বাচনে অন্যতম অঙ্গীকার নারীর ক্ষমতায়ন, সামাজিক ন্যায় ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করার লক্ষ্য নিয়ে দেশব্যাপী ফ্যামিলি কার্ড কর্মসূচির খানা (পরিবার) তথ্য সংগ্রহ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ঢাকার আগারগাঁওস্থ সমাজসেবা অধিদপ্তর ভবনে আয়োজিত কেন্দ্রীয় প্রেস ব্রিফিংয়ে কর্মসূচির সার্বিক উদ্বোধন ঘোষণা করেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।
একই সময় গাজীপুর জেলা প্রশাসকের ভাওয়াল সম্মেলন কক্ষে ব্রিফিংয়ের মাধ্যমে জেলার ফ্যামিলি কার্ডের জরিপ ও তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভসূচনা করেন জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়া।
এ সময় তিনি বলেন, গাজীপুর জেলার ১৮ লাখ ৬৭ হাজার ৩৪টি খানার তথ্য সংগ্রহের লক্ষ্যে ২ হাজার ৬৬৫ জন তথ্য সংগ্রহকারী এবং ২৬৬ জন সুপারভাইজার নিয়োগ দেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে সোমবার থেকে গাজীপুর সিটি কর্পোরেশনের ১৩, ২১, ৪১ ও ৪৯ নম্বর ওয়ার্ড এবং ৫টি উপজেলার মধ্যে সদর উপজেলায় দুইটি ওয়ার্ড, বাকি চার উপজেলায় ১টি করে ওয়ার্ড/ইউনিয়নসহ মোট ১০টি ওয়ার্ডে কার্যক্রম শুরু হয়েছে।
তিনি বলেন, প্রথম পর্যায়ে ১০২জন প্রশিক্ষিত তথ্য সংগ্রহকারী ও ১৩ জন সুপারভাইজারের মাধ্যমে ৯৪ হাজার ৪৩৮টি খানার তথ্য বাড়ি বাড়ি গিয়ে বিশেষায়িত ট্যাবলেট ডিভাইসের সাহায্যে সংগৃহীত হচ্ছে।
তথ্য সংগ্রহকারী কর্মীগণ সরজমিনে তথ্য সংগ্রহ করে সরাসরি অনলাইন ডেটাবেইজে যুক্ত করবেন। জরিপের সময় প্রতিটি পরিবারের বয়োজ্যেষ্ঠ নারী সদস্যদের জাতীয় পরিচয়পত্র ও মোবাইল ব্যাংকিং হিসাব নম্বর এবং পরিবারের অন্যান্য সদস্যদের জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন কার্ড প্রস্তুত রেখে তথ্য সংগ্রহকারীদের সহায়তা করতে হবে।
গাজীপুরের জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাহরিয়ার নজির এবং জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. মতিয়ার রহমান, গাজীপুরদশ সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ইলিশায় রিছিল, গাজীপুর শহর সমাজসেবা কর্মকর্তা মো. জাকির হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।









