মাদককে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, সড়কির আঘাতে নিহত ১, আহত ৭
- Update Time : 12:55:50 pm, Thursday, 1 October 2026
- / 42 Time View
কুষ্টিয়ার দৌলতপুরে মাদক ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে সড়কির আঘাতে গোলাম মোস্তফা টেঙ্গর (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় দুই গ্রুপের অন্তত সাতজন আহত হয়েছেন বলে জানা গেছে। সংঘর্ষের সময় কয়েক রাউন্ড গুলিবর্ষণের ঘটনাও ঘটেছে বলে স্থানীয়রা জানান।বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চড়ুইকুড়ি (মরার চর) গ্রামে এ ঘটনা ঘটে। নিহত টেঙ্গর ওই গ্রামের মৃত দৈয়ব মন্ডলের ছেলে।স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত টেঙ্গুরের বড় ভাই পটল রামকৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক। অন্যদিকে, ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আজাহার মেম্বার বর্তমান সংসদ সদস্যের হাত ধরে বিএনপির রাজনীতিতে যোগ দিয়েছেন। স্থানীয় রাজনীতিতে তাদের নেতৃত্বাধীন দুটি গ্রুপের মধ্যে বিরোধ রয়েছে বলে জানা গেছে।স্থানীয়দের ভাষ্য, দুই থেকে তিন দিন আগে ভারত থেকে আসা মাদককে কেন্দ্র করে আজাহার মেম্বারের গ্রুপের লোকজনের সঙ্গে পটলের বিরোধের সূত্রপাত হয়। এরপর থেকে দুই গ্রুপের মধ্যে বাকবিতণ্ডা, উত্তেজনা ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকেলে আজাহার মেম্বার ও পটল গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে।সংঘর্ষের একপর্যায়ে পটল গ্রুপের প্রধান পটলের ছোট ভাই টেঙ্গর সড়কির আঘাতে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। স্থানীয়দের দাবি, সড়কির আঘাতে তার পেট গুরুতরভাবে জখম হয়।
এ ঘটনায় আহতদের মধ্যে রয়েছেন সুমন মিয়া (৫০), হাদু মন্ডল (৭০), রাশিদুল (৩৫), ফটিক (৫৫), বজলু (৫৫), আজাদ মন্ডল (৬০) ও রাজু মন্ডল (৩০)। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজ মন্ডল বলেন, দুই গ্রুপের মধ্যে দুই-তিন দিন ধরে বাকবিতণ্ডা ও উত্তেজনা চলছিল। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ব্যাপক সংঘর্ষ হয়। এতে টেঙ্গর নামে একজন নিহত এবং পাঁচ থেকে আটজন আহত হয়েছেন।
ভারত থেকে আসা মাদক বা পাতার বিড়িকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হতে পারে।ঘটনা সত্যতা নিশ্চিত করে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের খবর পেয়েছি। এ ঘটনায় টেঙ্গর নামে একজন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। তিনি ঘটনাস্থলে যাচ্ছেন। সেখানে পৌঁছে বিস্তারিত জানা যাবে।
এসকাগজ/আরডি








