এক গ্রাহকের ৫০৬ কোটির ওপরে ভুতুড়ে বিদ্যুৎ বিল, পরে সংশোধন
- Update Time : 07:12:51 am, Wednesday, 30 September 2026
- / 16 Time View
মাগুরা সদর উপজেলা মঘি ইউনিয়ন মঘি গ্রামে মোছা. আলেয়া খাতুন নামে এক গ্রাহকের চলতি সেপ্টেম্বর মাসে বিদ্যুৎ বিল এসেছে অস্বাভাবিক। মাত্র ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে তার বিল এসেছে ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা।
বিদ্যুতের এমন ভুতুড়ে বিল হওয়ায় গোটা এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরে অবশ্য অফিস থেকে সংশোধন করে দেওয়া হয়েছে।
মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতি অফিসের বিলে গেল ৮ সেপ্টেম্বর মিটারে রিডিং ৩৯৫ এবং ৮ আগস্টে রিডিং ১৬০। এক মাসে বিদ্যুৎ বিলের ডিমান্ড চার্জ হিসেবে দেখানো হয়েছে ৪৮২ কোটি ৬৯ লাখ ৬৩ হাজার ৪২২ টাকা।
সঙ্গে ২৪ কোটি ১৩ লাখ ৪৮ হাজার ১৭১ টাকা ভ্যাট যোগ করে চলতি মাসে বিদ্যুৎ বিল দাঁড়িয়েছে ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা।
আবার বিদ্যুৎ বিলে লেখা রয়েছে নির্ধারিত সময়ের মধ্যে বিল পরিশোধ না করলে বিলম্ব জরিমানাসহ বিলের পরিমাণ দাঁড়াবে ৫৩০ কোটি ৯৬ লাখ ৫৯ হাজার ৭৬৪ টাকা। ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিল হওয়ার কথা মাত্র ১ হাজার ৯৬৩ টাকা। যা বিলম্ব মাগুলসহ দাঁড়ায় ২ হাজার ৫৬ টাকা।
কেচুয়াডুবি গ্রামে বিদ্যুতের গ্রাহক আলেয়া খাতুন বলেন, বিদ্যুৎ বিভাগের এমন উদাসিনতায় গ্রাহকদের ভোগান্তি সৃষ্টি হয়। সঙ্গে অধিক পরিমাণ অর্থ দণ্ড দিতে হয়। এ ধরনের ভুতুড়ে বিল হওয়ার খবর প্রায়ই শোনা যায়। বিদ্যুৎ বিভাগের কর্মীদের তিনি আরো বেশি সতর্ক হয়ে বিদ্যুতের বিল করার আহ্বান জানিয়েছেন।
মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির আড়পাড়া জোনাল ম্যানেজার মো. রেজাউল করিম এমন ভুতুড়ে বিল হয়েছে সত্যতা স্বীকার করে বলেন, মিটার পরিবর্তন করার সময় ভুল করে মিটারের সিল নম্বরের ডিজিটগুলো ডিমান্ড চার্জের ঘরে পোস্টিং হয়েছে।
যার ফলে এমন অস্বাভাবিক বিল তৈরি হয়েছে। তবে ওই গ্রাহকের বিলটি মঙ্গলবার দুপুরে সংশোধন করে জমা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
















