ভুয়া তথ্য দিয়ে জন্ম নিবন্ধনের চেষ্টা, ব্রাহ্মণবাড়িয়ায় একজনের কারাদণ্ড
- Update Time : 03:09:35 pm, Thursday, 8 October 2026
- / 2 Time View
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ভুয়া তথ্য দিয়ে জন্ম নিবন্ধন করার চেষ্টার অভিযোগে মো. আবুল কালাম (৪২) নামের এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে উপজেলার ৪ নম্বর খাড়েরা ইউনিয়ন পরিষদে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযুক্তকে এ দণ্ডাদেশ দেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানজিল কবির।
দণ্ডপ্রাপ্ত আবুল কালাম কসবা উপজেলার শাহপুর গ্রামের তোরাফ আলীর ছেলে। পরে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, আবুল কালাম তিনটি জন্ম নিবন্ধনের আবেদনে মিথ্যা তথ্য দিয়ে নিবন্ধন করার চেষ্টা করেন। আবেদনগুলোতে একজন ব্যক্তিকে তাঁর পিতা এবং দুই নারীকে তাঁর মেয়ে হিসেবে উল্লেখ করা হয়।
পরে আবেদনের তথ্য যাচাই করতে গিয়ে বিষয়টি ধরা পড়ে।
খাড়েরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান যাচাই করে দেখতে পান, আবেদনে পিতা হিসেবে উল্লেখ করা ব্যক্তির কোনো ছেলে সন্তান নেই। একইভাবে মেয়ে হিসেবে উল্লেখ করা দুই নারীর নামেও তাঁর কোনো কন্যাসন্তান নেই।
পরে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
তাঁর নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানজিল কবির ঘটনাস্থলে গিয়ে বিষয়টি যাচাই করেন। যাচাইয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায়। এ সময় আবুল কালাম নিজের অপরাধ স্বীকার করলে ভ্রাম্যমাণ আদালত তাঁকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
কসবা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানজিল কবির বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, সঠিক ও যথাযথ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিত করতে এ ধরনের অভিযান ও আইনি ব্যবস্থা অব্যাহত থাকবে।












