দেশে বিশ্বমানের ক্রীড়া অ্যারেনা তৈরিতে ইন্টারস্পিড ও লাভিসের চুক্তি
- Update Time : 11:23:35 am, Sunday, 30 August 2026
- / 10 Time View
বাংলাদেশে আধুনিক ও বিশ্বমানের বহুমুখী ক্রীড়া অ্যারেনা তৈরির লক্ষ্যে অংশীদারি করেছে দেশের ইন্টারস্পিড অ্যাক্টিভেশন লিমিটেড ও মালয়েশিয়ার ক্রীড়া অ্যারেনা ব্যবস্থাপনা প্রতিষ্ঠান লাভিস এসডিএন বিএইচডি।
সম্প্রতি দুই প্রতিষ্ঠানের মধ্যে এসংক্রান্ত একটি অংশীদারি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
চুক্তির আওতায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ও ক্রীড়া মন্ত্রণালয়ের জন্য একটি আধুনিক বহুমুখী ক্রীড়া অ্যারেনার ধারণা তৈরিতে যৌথভাবে কাজ করবে প্রতিষ্ঠান দুটি।
প্রস্তাবিত অ্যারেনায় ফুটবলের পাশাপাশি অন্যান্য খেলাধুলা, বিভিন্ন ক্রীড়া আয়োজন এবং বড় পরিসরের অনুষ্ঠান আয়োজনের সুযোগ থাকবে। দেশের ক্রীড়া অবকাঠামো শক্তিশালী করা এবং ক্রীড়াবিদ ও ক্রীড়াসংশ্লিষ্টদের জন্য উন্নত সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকারের নেওয়া উদ্যোগের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রকল্পটির ধারণা তৈরি করা হবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইন্টারস্পিড অ্যাক্টিভেশন লিমিটেডের পরিচালক আদনান করিম এবং লাভিস এসডিএন বিএইচডির দাতুক জ্যাক কোহ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আদনান করিম বলেন, ‘এই চুক্তি দেশের ক্রীড়া অবকাঠামো শক্তিশালী করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। লাভিসের সঙ্গে আমরা এমন একটি স্থাপনার ধারণা নিয়ে কাজ করতে চাই, যা দীর্ঘদিন ধরে ক্রীড়াবিদ, ক্রীড়া ফেডারেশন এবং দেশের ক্রীড়াঙ্গনের সঙ্গে সংশ্লিষ্টদের কাজে আসবে।’
১৯৬৮ সাল থেকে বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করছে ইন্টারস্পিড অ্যাক্টিভেশন লিমিটেড। বিজ্ঞাপন ও বিপণনের পাশাপাশি প্রতিষ্ঠানটি ব্র্যান্ড অ্যাক্টিভেশন, ক্রীড়া অংশীদারি এবং সমন্বিত বিপণন কার্যক্রম নিয়ে কাজ করে।









