উপসাগরীয় শাসকদের সতর্ক করলেন মোজতবা খামেনি
- Update Time : 12:21:26 pm, Sunday, 30 August 2026
- / 3 Time View
পারস্য উপসাগরীয় অঞ্চলসহ মুসলিম বিশ্বের দেশগুলোকে নিজেদের ‘আসল শত্রু’ চিনে তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি সতর্ক করে বলেছেন, মুসলিমদের মধ্যকার বিভেদ শুধু শত্রুদের স্বার্থই রক্ষা করছে।
বার্তা সংস্থা রয়টার্স বলছে, নবী করিম (সা.)-এর জন্মবার্ষিকী উপলক্ষে ইসলামী ঐক্য সপ্তাহ উদযাপনের অংশ হিসেবে মোজতবা খামেনির টেলিগ্রাম অ্যাকাউন্টে এই লিখিত বার্তা প্রকাশ করা হয়।
মুসলিম দেশগুলোর মধ্যে বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা, যৌথ প্রতিরক্ষা এবং ঐক্য গড়ে তোলার ওপর জোর দিয়ে তিনি বলেন, জেনে বা না জেনে যারা মুসলিমদের মধ্যে বিভেদ তৈরি করছে, তারা মূলত ইসলামের শত্রুদেরই সহায়তা করছে।
একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ থাকলে ফিলিস্তিনিরা কি আজ এতটা অসহায় অবস্থায় থাকত? এর আগে শুক্রবার ইরানিদের উদ্দেশে দেওয়া এক বার্তায় তিনি জাতীয় সংহতি বিনষ্টকারী কর্মকাণ্ড নিষিদ্ধ করেন এবং জনগণের মনোবল দুর্বল করে এমন কোনো হতাশাজনক বক্তব্য দেওয়া থেকে বিরত থাকতে সরকারি কর্মকর্তাদের নির্দেশ দেন।
উপসাগরীয় আরব শাসকদের উদ্দেশে মুজতবা খামেনি বলেন, ইসলামী দেশগুলোর শাসকদের, বিশেষ করে পশ্চিম এশিয়া ও উপসাগরীয় অঞ্চলের প্রতি আমার দ্ব্যর্থহীন পরামর্শ হলো—আপনাদের আসল শত্রুকে শনাক্ত করুন, তাদের পরিকল্পনা বুঝুন এবং তা মোকাবেলা করুন।












