টাঙ্গাইলে ছেলের হাতে বাবা খুন
- Update Time : 12:13:55 pm, Sunday, 30 August 2026
- / 12 Time View
টাঙ্গাইলের নাগরপুরে মাদকাসক্ত ছেলের হাতে খুন হয়েছেন বাবা। রবিবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বেকড়া আটগ্রাম ইউনিয়নের কোনাবাড়ি গ্রামে এ ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানায়, ভ্যানচালক আব্দুর রহিম ভুঁইয়া (৫৫) ভাত খেতে বসেন। এ সময় মাদকাসক্ত ছেলে মোস্তফা ভুঁইয়া (২০) বাবার কাছে টাকা দাবি করে। টাকা দিতে দেরি হওয়ায় ক্ষিপ্ত হয়ে পাথরের শীলপাটা দিয়ে বাবার মাথায় জোরে আঘাত করে। এতে আব্দুর রহিম মাটিতে লুটিয়ে পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের স্ত্রী শিরিন বেগম ও বড় মেয়ে সালমা জানান, মোস্তফা একজন মানসিক ভারসাম্যহীন। মাঝেমধ্যেই বাড়িতে পাগলামি করত।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল কদ্দুস জানান, অভিযুক্ত মোস্তফা একজন মাদকাসক্ত। টাকা-পয়সা নিয়ে বাবার সঙ্গে বাকবিতণ্ডার এক পর্যায়ে এ দুর্ঘটনাটি ঘটেছে।
নাগরপুর থানার ওসি জহুরুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের মেয়ে বাদী হয়ে ভাইকে আসামি করে থানায় মামলা করেছেন।
ওসি আরো বলেন, হত্যার পর ছেলে মোস্তফা ভুঁইয়া ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।