কক্সবাজারে দেড় লাখ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক
- Update Time : 01:33:40 pm, Tuesday, 8 September 2026
- / 8 Time View
কক্সবাজারের টেকনাফের উনচিপ্রাং সীমান্তে অভিযান চালিয়ে এক লাখ ৫০ হাজার পিস ইয়াবাসহ হেলাল মিয়া (২৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিষয়টি নিশ্চিত করেন উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম।
গতকাল (সোমবার, ৭ সেপ্টেম্বর) রাতে বিজিবির উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধীনে উনচিপ্রাং বিওপি’র টহলদল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জসিমের ঘের নামক স্থানে অভিযান চালায়। আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ২ জন সন্দেহভাজনকে মিয়ানমার থেকে বাংলাদেশে আসতে দেখে বিজিবি টহলদল। বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় হেলাল মিয়া (২৫) একজনকে আটক করা হয়।
বিজিবির তথ্য মতে, এ সময় তল্লাশি চালিয়ে ২টি পোটলার মধ্যে খাকী রঙের প্যাকেটের ভেতরে নীল রঙের বায়ুরোধী ১৫ কাট অর্থাৎ ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটক হেলাল মিয়া টেকনাফের কাঞ্জরপাড়া গ্রামের মো. সোলেমানের ছেলে। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, সে ইয়াবাগুলো মিয়ানমার সীমান্ত থেকে কিনে অধিক দামে বিক্রয়ের উদ্দেশে বহন করছিল।
এ ব্যাপারে উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, মাদক সরবরাহকারী এবং জড়িত চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
তিনি আরো বলেন, বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, চোরাচালান ও মাদক প্রতিরোধেও দৃঢ় অবস্থানে রয়েছে।
ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।