রাজধানীতে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার ৪
- Update Time : 02:41:18 pm, Wednesday, 9 September 2026
- / 1 Time View
রাজধানীর দক্ষিণখানে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক ব্যবসার অভিযোগ রয়েছে।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সাজু মজুমদার, অন্তর রহমান অনু, পারভেজ ও বাবুসেন্টু।
পুলিশ জানায়, গত ৪ সেপ্টেম্বর দক্ষিণখানের মুক্তিযোদ্ধা রোড এলাকায় মো. শাহিন নামে এক ব্যক্তিকে মারধর ও গুলি করে পালিয়ে যায় কয়েকজন। এ ঘটনায় দক্ষিণখান থানায় মামলা হলে আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত শুরু করে পুলিশ।
ডিএমপির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মির্জা তারেক আহমেদ বেগের নির্দেশনায় তথ্যপ্রযুক্তির সহায়তা ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযান চালানো হয়। পরে ময়মনসিংহের ভালুকা ও জামালপুরের ইসলামপুর এলাকা থেকে সাজু মজুমদার, অন্তর রহমান অনু ও পারভেজকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার( ৯ সেপ্টেম্বর) সকালে দক্ষিণ আজমপুরের একটি বাসায় অভিযান চালায় দক্ষিণখান থানা পুলিশ। এ সময় একটি ক্রসবডি ব্যাগের ভেতর থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড তাজা গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
পুলিশ আরো জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
ডিএমপির উত্তরা বিভাগ জানায়, অস্ত্রধারী সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।