প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি গ্রেপ্তার সিফাত আব্দুল্লাহ কারাগারে
- Update Time : 12:19:46 am, Saturday, 5 September 2026
- / 1 Time View
সিফাত আব্দুল্লাহ
প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সরকারকে অশ্লীল কটূক্তির অভিযোগে গ্রেপ্তার সিফাত আব্দুল্লাহকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গতকাল শুক্রবার তাঁকে কারাগারে পাঠানো হয়।
গত বৃহস্পতিবার গাজীপুরের বোর্ডবাজারের বাসা থেকে সিফাতকে গ্রেপ্তার করে নগরীর গাছা থানা পুলিশ। সিফাত আব্দুল্লাহ রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী এবং গাজীপুর মহানগরীর ৩৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ খাইলকুর টিনের মসজিদ এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, সিফাত আব্দুল্লাহ বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান ও সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে বিভিন্ন কুরুচিপূর্ণ বক্তব্য ও লেখালেখি করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। সর্বশেষ বৃহস্পতিবার তিনি একটি ভিডিও ফেসবুকে প্রকাশ করেন।
ওই ভিডিওতে সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের উদ্দেশে অত্যন্ত অশ্লীল ও কুরুচিপূর্ণ ভাষায় গালাগাল করতে দেখা যায় তাঁকে।