ভারত জাতীয় দলে নয়, ‘এ’ দলে ডাক পেলেন হার্দিক পান্ডিয়া
- Update Time : 02:54:01 pm, Wednesday, 9 September 2026
- / 0 Time View
ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। ছবি: আইসিসি
দীর্ঘদিন পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার পথে হার্দিক পান্ডিয়া। তবে সরাসরি ভারত জাতীয় দলে নয়, অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ভারত ‘এ’ দলে জায়গা পেয়েছেন এই তারকা অলরাউন্ডার।
অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ভারত ‘এ’। আগামী ৬ অক্টোবর থেকে পুদুচেরিতে শুরু হবে সিরিজটি। সেই সিরিজের দলে হার্দিককে রেখেছে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্বাচক কমিটি।
চোটের কারণে বেশ কিছুদিন ধরেই মাঠের বাইরে হার্দিক।
২০২৬ সালের আইপিএলে পিঠের পেশিতে খিঁচুনির কারণে কয়েকটি ম্যাচ খেলতে পারেননি তিনি। এরপর উরুর চোটে ভারতের আফগানিস্তান সিরিজ থেকেও ছিটকে যান। পুরোপুরি ফিট হওয়ার পথে নতুন করে পায়ে চোট পাওয়ায় আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও খেলা হয়নি তার।
এবার ভারত ‘এ’ দলে সুযোগ পাওয়ায় মাঠে ফেরার দরজা খুলেছে হার্দিকের সামনে।
পাঁচ মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে তার। জাতীয় দলে ফেরার আগে অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিপক্ষে এই সিরিজটি তাই হার্দিকের জন্য নিজেকে প্রমাণের গুরুত্বপূর্ণ সুযোগ।
ওয়ানডে সিরিজে ভারত ‘এ’ দলের অধিনায়ক করা হয়েছে রুতুরাজ গায়কোয়াড়কে। অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিপক্ষে ওয়ানডের পাশাপাশি দুটি আনঅফিশিয়াল টেস্টও খেলবে ভারত ‘এ’। এই সিরিজে নেতৃত্ব দেবেন দেবদূত পাডিক্কাল।
চোট কাটিয়ে হার্দিক কতটা ম্যাচ ফিট, অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিপক্ষে সিরিজেই তার বড় পরীক্ষা হবে। ভালো পারফরম্যান্স করতে পারলে জাতীয় দলে ফেরার দাবিটাও জোরালো হবে ৩২ বছর বয়সী অলরাউন্ডারের।