সাঈদ খোকনের ১০ দিনের রিমান্ড চায় পুলিশ
- Update Time : 11:00:44 am, Tuesday, 17 November 2026
- / 7 Time View
বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় আবদুল মোতালেব নামের এক কিশোরকে হত্যা মামলায় গ্রেপ্তার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনকে জিজ্ঞাসাবাদের জন্য দশ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা রমনা গোয়েন্দা বিভাগের পরিদর্শক (নিরস্ত্র) মো. সুজন হক এই আবেদন করেন।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই সংক্রান্ত শুনানি অনুষ্ঠিত হবে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ শামসুদ্দোহা সুমন এ তথ্য নিশ্চিত করে বলেন, এখন পর্যন্ত আসামির আদালতে হাজিরা হয়নি। আসামির উপস্থিতিতে সিএমএম কোর্টে এ সংক্রান্ত শুনানি অনুষ্ঠিত হবে।
আবেদনে বলা হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামলার ঘটনায় সাঈদ খোকনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে।
আন্দোলন দমনে তিনি কঠোর পদক্ষেপ নিয়েছিলেন। তার নির্দেশে ছাত্রলীগ, যুবলীগসহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা হামলা চালান এবং তিনি অর্থ ও অস্ত্রের জোগান দিয়েছেন।
আবেদনে আরো বলা হয়, সরকার পতনের পরও তিনি ঢাকার বিভিন্ন স্থানে আত্মগোপনে থেকে ঝটিকা মিছিলের আয়োজন করেছেন এবং পলাতক শীর্ষ নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রেখে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির পরিকল্পনা করছিলেন। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে ১০ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।
এর আগে, আজ সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে তাকে আটক করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এরপর তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়।
মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় মিছিলে থাকা আবদুল মোতালেব নামের এক কিশোর গুলিবিদ্ধ হয়ে মারা যায়। আওয়ামী লীগ সরকার পতনের পর ২০২৪ সালের ২৬ আগস্ট তার বাবা আব্দুল মতিন বাদী হয়ে ধানমণ্ডি থানায় হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৭৬ জনকে আসামি করা হয়।
এ মামলার ২৯ নম্বর এজাহারনামীয় আসামি হলেন সাঈদ খোকন।












