আত্মসমর্পণের শর্তে জামিন পেলেন শাহজালাল রুমী
- Update Time : 11:09:26 am, Tuesday, 3 November 2026
- / 9 Time View
গাজীপুরের টঙ্গীতে সাত বছর বয়সী এক শিশুকে যৌন হয়রানির অভিযোগকে কেন্দ্র করে একটি মাদরাসায় হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় অভিভাবক শাহজালাল রুমীকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে জামিনের শর্ত হিসেবে তাকে আগামী চার সপ্তাহের মধ্যে গাজীপুর মহানগর জজ আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিচারপতি মো. সেলিম ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আইনজীবী অ্যাডভোকেট বেল্লাল হোসাইন।
আদালতে শাহজালাল রুমীর জামিন আবেদনের পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট মোহাম্মদ মাহবুবুর রহমান খান, অ্যাডভোকেট বেল্লাল হোসাইন ও এডভোকেট এইচ এম রুহুল আমিন মোল্লা।
মামলার বিবরণ অনুযায়ী, টঙ্গীর একটি মাদরাসায় সাত বছর বয়সী এক শিশুকে যৌন হয়রানির অভিযোগের ঘটনাকে কেন্দ্র করে সেখানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
এ ঘটনায় শাহজালাল রুমীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়, যা পরবর্তীতে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করে।
এরপর আইনি প্রতিকার চেয়ে গত ২৬ অক্টোবর হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন শাহজালাল রুমী। ওই আবেদনের ওপর মঙ্গলবার শুনানি শেষে আদালত তাকে এই অন্তর্বর্তীকালীন জামিন প্রদান করেন।
এ বিষয়ে আইনজীবী এডভোকেট বেল্লাল হোসাইন জানান, আদালতের আদেশ পর্যালোচনা করে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।






