১৮০ পিস ট্যাপেন্টাডল ও ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার, তিনটি নিয়মিত মামলা; মোবাইল কোর্টে চারজনের কারাদণ্ড
কুষ্টিয়ায় ডিএনসির অভিযানে ৭ মাদক কারবারি আটক
- Update Time : 09:35:45 am, Tuesday, 3 November 2026
- / 18 Time View
কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ১৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ২৫০ গ্রাম গাঁজাসহ সাতজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। সোমবার (২ নভেম্বর) জেলার মিরপুর ও ভেড়ামারা উপজেলাসহ বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ ঘটনায় তিনটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি মোবাইল কোর্টের মাধ্যমে চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করে কারাগারে পাঠানো হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়া জেলা কার্যালয়ের উপপরিচালক মো. আসলাম হোসেনের সার্বিক তত্ত্বাবধানে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে ভেড়ামারা এলাকা থেকে মো. ইমন হোসেন (পিতা: মোহাম্মদ এনামুল হক) ও খাইরুল ইসলাম (পিতা: ফজলুল হক) নামে দুজনকে ৫০ পিস করে মোট ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করা হয়। অন্যদিকে মিরপুর এলাকা থেকে ইদ্রিস আলী (পিতা: মৃত ঈদবার শেখ) নামে একজনকে ২৫০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।

পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক খবির আহমেদ, উপপরিদর্শক ইকবাল হোসেন ও উপপরিদর্শক মো. আসিফুজ্জামান বাদী হয়ে ভেড়ামারা ও মিরপুর থানায় পৃথক তিনটি নিয়মিত মামলা দায়ের করেন।
এদিকে জেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযানে তোবারক হোসেন, মো. রিপন আলী, মো. আকাশ ও মো. শাহাবুল নামে আরও চারজনকে আটক করা হয়। পরিদর্শক মো. আবুল কালাম আজাদ ও উপপরিদর্শক মো. আসিফুজ্জামানের প্রসিকিউশনের ভিত্তিতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জাকিউল আলম ও তাহমিদ মুস্তাফা হাসান মোবাইল কোর্ট পরিচালনা করেন। আদালত তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়া জেলা কার্যালয়ের উপপরিচালক মো. আসলাম হোসেন অভিযান ও আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মাদকের বিস্তার রোধে জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
এসকাগজ/আরডি




