ডিসেম্বর ঘিরে নাশকতার শঙ্কা
- Update Time : 02:18:04 pm, Tuesday, 17 November 2026
- / 13 Time View
কুষ্টিয়া সীমান্তে বাড়তি নজরদারি, ১৯ নভেম্বরের লকডাউন ঘিরে উত্তেজনা, দৌলতপুরে এমপি নুসরাতের বাড়িতে আগুন, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও অস্ত্র পাচারের আশঙ্কা, কলকাতায় আওয়ামী লীগের নেতাকর্মীদের জমায়েতের খবর
আগামী ডিসেম্বরকে সামনে রেখে দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করার আশঙ্কায় কুষ্টিয়াসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সীমান্ত এলাকায় নিরাপত্তা উদ্বেগ বেড়েছে।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৯ নভেম্বরের ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচিকে ঘিরে নাশকতার আশঙ্কা এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। বিশেষ করে কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, অস্ত্র পাচার ও আত্মগোপনে থাকা নেতাকর্মীদের তৎপরতার অভিযোগ গুরুত্ব পাচ্ছে।
গোয়েন্দা সূত্রের বরাতে পাওয়া তথ্যে অভিযোগ করা হয়েছে, কলকাতাসহ ভারতের বিভিন্ন এলাকায় অবস্থানরত আওয়ামী লীগের নেতাকর্মীদের একাংশ সীমান্তবর্তী জেলাগুলোতে সাংগঠনিক তৎপরতা বাড়ানোর চেষ্টা করছেন। কুষ্টিয়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহবুব-উল আলম হানিফের বিরুদ্ধে কুষ্টিয়া, যশোর ও সাতক্ষীরা সীমান্তকেন্দ্রিক কর্মকাণ্ড সমন্বয়ের অভিযোগও উঠেছে। তবে এসব অভিযোগ স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্তে গোয়েন্দা নজরদারি ও চোরাচালানবিরোধী অভিযান জোরদার করেছে। ১৬ নভেম্বর মহিষকুন্ডি সীমান্তসহ বিভিন্ন এলাকায় অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার করা হয়েছে।
গত ১১ নভেম্বর গভীর রাতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে এনসিপির সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাজনৈতিক উদ্দেশ্যে আগুন দেওয়ার অভিযোগ উঠলেও ঘটনার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হয়নি। তদন্ত প্রতিবেদন দিতে আরও সাত কার্যদিবস সময় চেয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি।
এ ঘটনায় কুষ্টিয়ার রাজনৈতিক অঙ্গনে উদ্বেগ তৈরি হয়েছে। এর আগে আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির প্রতিবাদে শহরের মজমপুর গেটে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালিত হয়।
গোয়েন্দা সূত্রে আশঙ্কা করা হচ্ছে, ১৯ নভেম্বরের কর্মসূচিকে ঘিরে যানবাহনে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ, রাজনৈতিক কার্যালয় ও গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার চেষ্টা হতে পারে। গত ৭ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত সারা দেশে ৫১টি স্থানে ককটেল বিস্ফোরণ ও ৪৫টি পরিবহনে অগ্নিসংযোগের তথ্য জানিয়েছে পুলিশ সদর দপ্তর। এসব ঘটনায় ২১টি মামলা ও ৫৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে অবৈধ পারাপার প্রতিরোধ, সন্দেহজনক তৎপরতায় নজরদারি এবং জেলার গুরুত্বপূর্ণ সড়ক, রেলপথ ও সরকারি স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করা এখন প্রশাসনের বড় চ্যালেঞ্জ। একই সঙ্গে রাজনৈতিক সহিংসতা প্রতিরোধে জেলা পুলিশ, বিজিবি ও গোয়েন্দা সংস্থার সমন্বিত কার্যক্রম জোরদার করা জরুরি।
বিশেষ করে সীমান্ত দিয়ে অস্ত্র প্রবেশের অভিযোগ তদন্ত, ঝটিকা হামলা প্রতিরোধ এবং গুজব মোকাবিলায় আগাম ব্যবস্থা প্রয়োজন। রাজনৈতিক উত্তেজনার মধ্যেও সাধারণ মানুষের জানমাল ও স্বাভাবিক জীবনযাত্রার নিরাপত্তা নিশ্চিত করাই এখন কুষ্টিয়া প্রশাসনের প্রধান দায়িত্ব।













