জলাবদ্ধতা নিরসনে নিজস্ব অর্থায়নে ২২ খাল খনন করবে ডিএসসিসি
- Update Time : 01:26:08 pm, Monday, 16 November 2026
- / 11 Time View
নগরীর জলাবদ্ধতা নিরসন, পানির স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা এবং ডেঙ্গুর প্রকোপ কমাতে নিজস্ব অর্থায়নে খাল পরিষ্কার ও পুনঃখনন কার্যক্রম শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এর অংশ হিসেবে কোনাপাড়া-কদমতলা খাল (ডিএনডি খাল, ডিএল-৩) পরিষ্কার ও পুনঃখননের কাজ শুরু হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) খালটির পরিষ্কার ও পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। এ সময় তিনি নিজে উপস্থিত থেকে দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খালের ওপর গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম তদারকি করেন।
ডিএসসিসির অঞ্চল-৯-এর ৬৩, ৬৪ ও ৬৫ নম্বর ওয়ার্ডের কোনাপাড়া ব্রিজ থেকে ফার্মের মোড় হয়ে কদমতলা পর্যন্ত বিস্তৃত খালটির দৈর্ঘ্য ১ দশমিক ৭২০ কিলোমিটার। গড়ে ১২ ফুট প্রশস্ত এই খাল পুনঃখননে প্রায় দুই মাস সময় লাগবে।
এ সময়ে খাল থেকে প্রায় ৮ হাজার ৯২৫ ঘনমিটার বর্জ্য ও পলি অপসারণ করা হবে। পাশাপাশি খালের পাড়ে বৃক্ষরোপণ করা হবে।
ডিএসসিসি জানিয়েছে, এ কার্যক্রম বাস্তবায়িত হলে সংশ্লিষ্ট এলাকার প্রায় ২ লাখ ৫০ হাজার মানুষ সরাসরি উপকৃত হবেন। এতে পানির প্রবাহ স্বাভাবিক হওয়ার পাশাপাশি এলাকার পরিবেশ ও পরিচ্ছন্নতা পরিস্থিতির উন্নতি হবে।
জানা গেছে, ডিএসসিসির আওতাধীন শাখা খালসহ মোট ২৬টি খাল রয়েছে। এর মধ্যে ২২টি খাল নিজস্ব অর্থায়নে পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে। বাকি চারটি খালের পুনঃখনন ও উন্নয়নকাজ চলমান প্রকল্পের আওতায় বাস্তবায়ন করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম খাল পরিষ্কার ও পুনঃখনন কার্যক্রমে নগরবাসীর সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, সিটি করপোরেশন খাল খনন ও পরিষ্কারের কাজ ঠিকভাবে করছে কি না, তা স্থানীয় বাসিন্দাদের তদারকি করতে হবে।
কাজে কোনো গাফিলতি দেখা গেলে তা করপোরেশনকে জানাতে হবে।
অতীতে খাল পরিষ্কারের উদ্যোগ নেওয়া হলেও তা কার্যকরভাবে বাস্তবায়িত হয়নি উল্লেখ করে তিনি বলেন, জনগণের কাজ জনগণকেই বুঝে নিতে হবে।
প্রশাসক আরো বলেন, খাল পরিষ্কার ও দখলমুক্ত করার পর যেন কেউ আবার তা দখল করতে না পারে এবং খালে ময়লা-আবর্জনা না ফেলে, সে বিষয়ে নাগরিকদের সম্মিলিতভাবে দায়িত্ব পালন করতে হবে। সরকারি সম্পদ জনগণের সম্পদ। এর সুফল ও কুফল—দুটিরই প্রভাব প্রথমে নাগরিকদের ওপর পড়ে। তাই এসব সম্পদ রক্ষণাবেক্ষণে সবাইকে দায়িত্বশীল হতে হবে।
এ সময় সব রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনকে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কার্যক্রম, মশক নিধন এবং খাল খননে সহযোগিতার আহ্বান জানান তিনি। প্রশাসক বলেন, সরকার ও জনগণ একসঙ্গে কাজ করলে দ্রুতই ঢাকা মহানগরীর সার্বিক চিত্রে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক মো. আশরাফুল ইসলাম, ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদারসহ করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বাসিন্দারা উপস্থিত ছিলেন।








