ছাত্রকে ইস্ত্রির ছ্যাঁকা দিয়ে নির্যাতন, মাদরাসা শিক্ষক গ্রেপ্তার
- Update Time : 11:29:50 am, Monday, 9 November 2026
- / 5 Time View
গাজীপুরের টঙ্গীতে ৯ বছর বয়সী এক শিক্ষার্থীকে ইস্ত্রির ছ্যাঁকা দিয়ে শারীরিক নির্যাতনের অভিযোগে রাব্বি হোসেন (২৪) নামের এক মাদরাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে টঙ্গী পূর্ব থানার পুলিশ।
রবিবার (৮ নভেম্বর) রাতে ভুক্তভোগী শিশুর মায়ের করা লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষককে আটক করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।
পরে আজ সোমবার তাকে গ্রেপ্তার দেখানো হয়।
অভিযুক্ত রাব্বি হোসেন টঙ্গী চেরাগআলী এলাকার মিফতাহুল মাদরাসার শিক্ষক। তিনি কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার বাসিন্দা।
এজাহার সূত্রে জানা গেছে, গত ৪ নভেম্বর (বুধবার) বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে শিক্ষক রাব্বি হোসেন ভুক্তভোগী শিক্ষার্থীকে ইস্ত্রি দিয়ে শরীরের পেছনের অংশে (নিতম্বে) ছ্যাঁকা দিয়ে নির্যাতন করেন।
পরদিন ৫ নভেম্বর সন্ধ্যায় শিশুটির মা তাকে মাদরাসা থেকে বাড়িতে নিয়ে যেতে গেলে বিষয়টি জানতে পারেন। পরে এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা রবিবার রাতে টঙ্গী পূর্ব থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত শিক্ষককে আটকের পর জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তার করে।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদুল আলম কালের কণ্ঠকে বলেন, জিজ্ঞাসাবাদে অভিযোগ প্রাথমিকভাবে সত্য প্রমাণিত হওয়ায় আটক শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে থানায় নিয়মিত মামলা হয়েছে।
এর আগে গত ২১ অক্টোবর গাজীপুরের টঙ্গী পশ্চিম থানাধীন আউচপাড়া এলাকার ক্বারিউল কুরআন ইন্টারন্যাশনাল মাদরাসায় ৭ বছরের এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে তার বাবা শাহজালাল রুমি অভিযুক্ত শিক্ষক মোসলেম উদ্দিনকে থাপ্পড় মারেন। পরে পুলিশ শিক্ষককে গ্রেপ্তার করে। বর্তমানে অভিযুক্ত শিক্ষক কারাগারে আছেন।






