স্পেনের রাজপরিবারের সম্মাননা পাচ্ছেন মেসি
- Update Time : 07:20:32 am, Thursday, 22 October 2026
- / 3 Time View
প্রথমবারের মতো মর্যাদাপূর্ণ ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস অ্যাওয়ার্ড’ গ্রহণ করতে স্পেন সফরে যাচ্ছেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি। স্পেনের রাজপরিবার কর্তৃক প্রদত্ত এই সম্মানজনক আন্তর্জাতিক স্বীকৃতির ক্রীড়া বিভাগে ২০২৬ সালের বিজয়ী নির্বাচিত হয়েছেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা।
আগামী ২৩ অক্টোবর স্পেনের ওভিয়েদোর ঐতিহাসিক ‘তেয়াত্রো কাম্পোয়ামোর’ প্রেক্ষাগৃহে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে রাজপরিবারের উপস্থিতিতে তিনি এই সম্মাননা গ্রহণ করবেন। স্পেনের রাজা ষষ্ঠ ফেলিপে ও রানী লেতিসিয়া বিজয়ী মেসির হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কারটি তুলে দেবেন। ৪৩ বছরের ইতিহাসে এবারই প্রথম একক কোনো ফুটবলার হিসেবে এই সম্মানজনক আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছেন মেসি।
১৯৮১ সালে যাত্রা শুরু করা এই মর্যাদাপূর্ণ পুরস্কারটি প্রতিবছর বিজ্ঞান, সাহিত্য, শিল্পকলা, সামাজিক বিজ্ঞান, আন্তর্জাতিক সহযোগিতা ও খেলাধুলাসহ মোট আটটি বিভাগে আন্তর্জাতিক পর্যায়ে অসামান্য অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে প্রদান করে প্রিন্সেস অব আস্তুরিয়াস ফাউন্ডেশন।
বিজয়ীদের বিখ্যাত শিল্পী হুয়ান মিরোর নকশা করা একটি স্মারক ভাস্কর্য, সনদ, ব্যাজ এবং ৫০ হাজার ইউরো অর্থমূল্য প্রদান করা হয়।
এর আগে গত ৩ জুন স্পেনের ওভিয়েদোতে জুরিবোর্ডের আনুষ্ঠানিক ঘোষণায় মেসিকে বিজয়ী হিসেবে নাম প্রকাশ করা হয়। মাঠের ক্যারিয়ারে অভাবনীয় সাফল্য, অনন্য বিনয় ও ধারাবাহিক পারফরম্যান্সের পাশাপাশি লিওনেল মেসির সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যসেবায় দীর্ঘদিনের দাতব্য কর্মকাণ্ড জুরিবোর্ডের দৃষ্টি কাড়ে। বিশ্বজুড়ে মনোনীত ২৭ জন খ্যাতনামা ব্যক্তিত্বের মধ্য থেকে সর্বসম্মতিক্রমে বিশ্বজয়ী এই মহাতারকাকে বেছে নেয় প্রিন্সেস অব আস্তুরিয়াস ফাউন্ডেশন।













