গোলের পর খোঁচা, পুরোনো হিসাব মেটালেন মেসি
- Update Time : 12:01:19 pm, Sunday, 18 October 2026
- / 6 Time View
স্পোর্টস ডেস্ক :
মেজর লিগ সকারে আটালান্টা ইউনাইটেডের বিপক্ষে লিওনেল মেসির নৈপুণ্যে ৩-১ গোলে জিতেছে ইন্টার মিয়ামি। ৪ মিনিটের মধ্যে জোড়া গোল করে আর্জেন্টাইন মহাতারকা হাজার গোলের মাইলফলকের আরও কাছাকাছি পৌঁছে গেছেন। জাতীয় দল ও ক্লাব ক্যারিয়ার মিলিয়ে এখন পর্যন্ত তিনি করেছেন ৯৩৬ গোল। জোড়া গোল ছাড়াও আলোচনায় এসেছে প্রতিপক্ষের ডিফেন্ডার জুনিয়র আলোনসোকে উদ্দেশ্য করে তার উদযাপন।
ম্যাচের ৬০ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি লুইস সুয়ারেজের লম্বা পাস থেকে। বল পেয়ে প্যারাগুয়ের ডিফেন্ডার আলোনসোর মুখোমুখি হন তিনি। প্রথমে একদিকে যাওয়ার ভান করে পরে দিক বদলে প্রতিপক্ষকে বিভ্রান্ত করেন মেসি। এরপর নিচু ও কোনাকুনি শটে বল জালে পাঠিয়ে ব্যবধান ৩-০ করেন আর্জেন্টাইন তারকা।
গোলের পর অন্যরকম এক ঘটনা ঘটে। মেসি ও রদ্রিগো ডি পল মিলে উদযাপন করেন আলোনসোর সামনে গিয়ে। এমন উদযাপন দেখে হাসি ধরে রাখতে পারেননি প্রতিপক্ষের গোলরক্ষকও। এরপর ক্যামেরায় ধরা পড়ে, আলোনসোর দিকে এমন একটি অঙ্গভঙ্গি করেন মেসি, যার অর্থ যেন ‘এখনো ঘুরছো?’
এই খুনসুটি ও উদযাপনের পেছনে রয়েছে মাসখানেক আগের একটি ঘটনা। মেসির শট আটকে দিয়ে তার সামনেই উদযাপন করেছিলেন আলোনসো। ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছিল। ওই ঘটনাকে কেন্দ্র করে দুজনের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময়ও হয়েছিল। সেই স্মৃতি যে মেসির মনে ছিল, এবারের উদ্যাপনে তারই ইঙ্গিত মিলেছে। তবে এবার দুজনের মধ্যে শেষ পর্যন্ত হাসিঠাট্টাই দেখা গেছে।
আটলান্টার বিপক্ষে জয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমেও নিজের অনুভূতি প্রকাশ করেছেন মেসি। ইন্টার মিয়ামির জয়ের কথা বলার পাশাপাশি এই স্টেডিয়ামের সঙ্গে জড়িয়ে থাকা স্মৃতির কথাও মনে করেছেন তিনি। ২০২৬ ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে এই মাঠেই ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা।
ইনস্টাগ্রামে মেসি লিখেছেন, ‘ইন্টার মিয়ামির হয়ে আরেকটি জয়, এমন এক স্টেডিয়ামে, যা সম্প্রতি ঘটে যাওয়া কিছু সুন্দর স্মৃতি মনে করিয়ে দেয়।’


















