অচলাবস্থার মধ্যেই চুয়েটের উপাচার্যের দায়িত্বে অধ্যাপক আরাফাত
- Update Time : 11:31:06 am, Saturday, 10 October 2026
- / 0 Time View
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) চলমান অচলাবস্থার মধ্যে দুই দিনের জন্য উপাচার্যের রুটিন দায়িত্ব পেয়েছেন যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক আরাফাত রহমান। আগামী ১১ ও ১২ অক্টোবর উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমের অনুপস্থিতিতে তিনি এ দায়িত্ব পালন করবেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সভায় অংশ নিতে তিনি ওই দুই দিন ঢাকায় অবস্থান করবেন। এ কারণে অধ্যাপক আরাফাত রহমানকে সাময়িকভাবে উপাচার্যের রুটিন দায়িত্ব দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে অধ্যাপক শেখ শরীফুল আলম বলেন, ‘অধ্যাপক আরাফাত রহমানকে আগামী ১১ ও ১২ অক্টোবর দুই দিনের জন্য এ দায়িত্ব দেওয়া হয়েছে। আমি মন্ত্রণালয়, ইউজিসি, রেজিস্ট্রার, ডিন ও বিভিন্ন দপ্তরপ্রধানকে এ বিষয়ে জানিয়েছি।
এদিকে, বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থার মধ্যে দায়িত্ব পালন প্রসঙ্গে অধ্যাপক আরাফাত রহমান বলেন, ‘শিক্ষার্থীদের শিক্ষাজীবন ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাঁদের যত দ্রুত সম্ভব শিক্ষা কার্যক্রমে ফিরিয়ে আনা যায়, সে ব্যাপারে বোঝানোর চেষ্টা করব।’
প্রসঙ্গত, গত ২১ সেপ্টেম্বর অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে চুয়েটের উপাচার্য হিসেবে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক শেখ শরীফুল আলমকে নিয়োগ দেওয়া হয়। এ সিদ্ধান্তের প্রতিবাদে অধ্যাপক সায়েমকে পুনর্বহালের দাবিতে ২২ সেপ্টেম্বর থেকে সর্বাত্মক শাটডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।
একই দাবিতে কর্মবিরতি পালন করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। ফলে বন্ধ রয়েছে ক্লাস-পরীক্ষাসহ বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক একাডেমিক কার্যক্রম।









