লালন শাহের মাজারের দানবাক্সে মিলল ৬ লাখ ৪৯ হাজার টাকা
- Update Time : 11:47:57 am, Saturday, 10 October 2026
- / 1 Time View
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ায় বাউল সম্রাট ফকির লালন শাহের আখড়াবাড়ির মাজারের দুটি দানবাক্স খুলে ৬ লাখ ৪৯ হাজার ৩৪৮ টাকা পাওয়া গেছে। শনিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত চলে গণনা।
দানবাক্স খোলার সময় কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও লালন স্মরণোৎসবের অর্থ উপকমিটির আহ্বায়ক জাকির হোসেন, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান রিফাত ও কুমারখালীর সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ারসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও লালন একাডেমির সদস্যরা উপস্থিত ছিলেন ।
লালন একাডেমির কর্মকর্তারা জানান, স্থানীয় প্রশাসন ও লালন একাডেমি কর্তৃপক্ষের তত্ত্বাবধানে বছরে দুই বার লালন তিরোধান দিবসের আগে ও লালন স্বরনোউৎসবের আগে এই দানবাক্স খোলা হয়। ভক্তদের দেওয়া মানত ও দানের এই টাকা গণনা শেষে লালন একাডেমির তহবিলে জমা রাখা হয়।
এর আগে গত বছরের অক্টোবরে দানবাক্স খুলে ৪ লাখ ৯২ হাজার ২৬৪ টাকা পাওয়া গিয়েছিল।
পরে লালন স্মরণোৎসবের পর দানবাক্স খুলে পাওয়া যায় ৯ লাখ ২২ হাজার ২৪২ টাকা।
সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান রিফাত জানান, গতবারের তুলনায় এবার দানবাক্সে বেশি টাকা পাওয়া গেছে। টাকা গণনা শেষে প্রশাসনের পক্ষ থেকে তা বুঝে নেওয়া হয়েছে। আগামীকাল এসব টাকা লালন একাডেমির তহবিলে জমা দেওয়া হবে।










