হালদা নদীর পরিবেশ সুরক্ষায় অভিযান, এক প্রতিষ্ঠানকে জরিমানা
- Update Time : 03:07:50 pm, Monday, 5 October 2026
- / 10 Time View
এশিয়ার অন্যতম প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হাটহাজারীর হালদা নদীর পরিবেশ সুরক্ষায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় হালদা নদীর সংযুক্ত খালে কেমিক্যালযুক্ত পানি ফেলার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গ্লোবাল এন্টারপ্রাইজ নামের এক প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) বিকেলে উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নের ফতেহাবাদ ছড়ারকুল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, হালদা নদীর সংযুক্ত খালে কারখানার দূষিত পানি সরাসরি ফেলে পরিবেশ দূষণের অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল আমিন হোসেন ওই এলাকার বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেন।
এ সময় মেসার্স গ্লোবাল এন্টারপ্রাইজে পরিবেশ ছাড়পত্র ছাড়াই কেমিক্যাল গুদামজাত করা এবং কেমিক্যালযুক্ত পানি সরাসরি ড্রেনের মাধ্যমে ছড়ারকুল খালে ফেলার সত্যতা পাওয়া যায়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল আমিন হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
পরে ডিজিটাল ক্যাশ রেজিস্ট্রারের (ডিসিআর) মাধ্যমে জরিমানার অর্থ আদায় করা হয়।
অভিযান পরিচালনার সময় পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের প্রসিকিউশন টিম ও হাটহাজারী মডেল থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।
ইউএনও মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, হালদা নদীর সংযুক্ত খাল ও ছড়ায় কেমিক্যাল, অপরিশোধিত বর্জ্য কিংবা যেকোনো দূষণকারী পদার্থ ফেলে পরিবেশের ক্ষতি করলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। হালদা নদীর পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে।









