নদী রক্ষায় সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সমন্বয় জরুরি
- Update Time : 09:55:27 am, Saturday, 26 September 2026
- / 8 Time View
নদী বাঁচলে ঢাকা বাঁচবে। ঢাকার নদীপথ সচল করে নৌযোগাযোগ বাড়ানো গেলে সড়কে যানবাহনের চাপ ও নগরীর যানজট কমানো সম্ভব।
নদী দখল ও দূষণ বন্ধ করে নৌপথের স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনার পাশাপাশি নদী রক্ষায় সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে কার্যকর সমন্বয় জরুরি বলে জানিয়েছেন বক্তারা।
শনিবার (২৬ সেপ্টেম্বর) আন্তর্জাতিক নদী দিবস উপলক্ষে বাংলাদেশ পরিবেশ আন্দোলনসহ (বাপা) ২৫টি সংগঠন বুড়িগঙ্গা ও ধলেশ্বরী নদীর দখল ও দূষণের বর্তমান অবস্থা সরেজমিনে পরিদর্শন করে। কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন।
সকাল সাড়ে ১১টায় রাজধানীর বসিলা নৌঘাট থেকে এই পরিদর্শন কর্মসূচি শুরু হয়।
পরে সদরঘাট হয়ে মুন্সীগঞ্জের মুক্তারপুর সেতুতে গিয়ে তা শেষ হয়।
পরিদর্শনকালে বুড়িগঙ্গা ও ধলেশ্বরী নদীর বিভিন্ন অংশে প্লাস্টিকসহ নানা ধরনের বর্জ্য ভাসতে দেখা যায়। বসিলা থেকে সদরঘাট অংশে নদীতীর রক্ষা বাঁধের ভেতরে নদীর জায়গা ভরাট করে অস্থায়ী জেটি নির্মাণের চিত্রও দেখা গেছে। ফতুল্লা এলাকায় নদীর পাশে অসংখ্য ইটভাটা রয়েছে।
এ ছাড়া নদীর তীরজুড়ে গড়ে ওঠা বিভিন্ন স্থাপনা, অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা ও নানা উৎসের দূষণে নদীর স্বাভাবিক পরিবেশ বিপর্যস্ত হয়ে পড়েছে।
পরিদর্শনকালে আনিসুর রহমান তালুকদার খোকন বলেন, ‘নদী বাংলাদেশের প্রাণ। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নসহ মানুষের জীবন-জীবিকার মূল চালিকাশক্তি নদী। এই নদীকে যারা গলা টিপে হত্যা করেছে বা করার চেষ্টা করছে, প্রত্যেককে আইনের আওতায় আনা উচিত।’
তিনি বলেন, নদী-খাল দখল করে যারা বাঁধ ও স্থাপনা তৈরি করছে এবং নিজেদের স্বার্থে পরিবেশের ক্ষতি করছে, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।
আনিসুর রহমান তালুকদার খোকন বলেন, ‘আমরা চাই, এই নদীমাতৃক দেশের প্রাণ নদী আবার তার স্বাভাবিক প্রবাহ ফিরে পাক। নদী, নালা, খাল-বিলের পানি দিয়ে যেন আমরা কৃষিকাজ করতে পারি, সেই পর্যন্ত সরকার চেষ্টা করে যাবে।’
বাপার সাধারণ সম্পাদক বলেন, নদী রক্ষায় সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে কার্যকর সমন্বয় প্রয়োজন। শুধু নৌপরিবহন মন্ত্রণালয়ের একার পক্ষে নদী রক্ষা করা সম্ভব নয়।
তিনি বলেন, ‘নদীকে বাঁচাতে হলে সরকারের অনেকগুলো বিভাগকে একসঙ্গে কাজ করতে হবে। শুধু নৌপরিবহন মন্ত্রণালয় নয়, ভূমি মন্ত্রণালয়, পানিসম্পদ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়ের সমন্বয় দরকার। সমন্বিত উদ্যোগের মাধ্যমে আমাদের নদীগুলোকে বাঁচাতে হবে।’








