মজুরি বৃদ্ধির দাবি
পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়ক
- Update Time : 11:51:00 am, Wednesday, 14 October 2026
- / 12 Time View
ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর উত্তরায় তৃতীয় দিনের মতো সড়ক অবরোধ করেছেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা। সকাল সাড়ে ১০টার দিকে বিমানবন্দর ও আজমপুর সড়ক অবরোধ করেন তারা।
এতে বিমানবন্দর সড়কে যান চলাচল কার্যত স্থবির হয়ে পড়েছে। দীর্ঘ যানজটে আটকে পড়ে চরম ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন পরিবহনের যাত্রীরা। অনেক যাত্রীকে যানবাহন ছেড়ে হেঁটে গন্তব্যের উদ্দেশে রওনা হতে দেখা গেছে।
পুলিশের উত্তরা ট্রাফিক বিভাগের এডিসি রুবেল হক জানান, কয়েকটি কারখানার শ্রমিকরা আজমপুর এলাকায় সড়কে নেমে যান চলাচল বন্ধ করে দেয়। পরে তারা বিমানবন্দরের দিকে সরে যায়। এখন বিমানবন্দর সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকরা সড়কে অবস্থান নেওয়ায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে অফিসগামী মানুষ, কর্মজীবী ও বিভিন্ন প্রয়োজনে বের হওয়া মানুষকে দুর্ভোগ পোহাতে হয়। নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছানো নিয়ে দুশ্চিন্তায় পড়েন অনেকে। এদের মধ্যে কেউ কেউ বাস ও অন্যান্য যানবাহন থেকে নেমে হাঁটা শুরু করেন। এতে যানজটের ভোগান্তি আরও স্পষ্ট হয়ে ওঠে।
উত্তরা ট্রাফিক বিভাগের ডিসি শাহজাহান হোসেন বলেন, ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করাসহ কয়েকটি দাবিতে সোমবার থেকে সড়কে বিক্ষোভ করে আসছেন কিছু পোশাক কারখানার কর্মীরা।
পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. রেজাউল করিম জানান, মজুরি বৃদ্ধির দাবিতে বেশ কয়েকটি গার্মেন্টসের শ্রমিকরা একযোগে রাস্তা অবরোধ করেন। এ কারণে যান চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। কিছুক্ষণ আগে রাস্তা থেকে তাদের সরিয়ে দেওয়া হয়েছে। এখন সড়কে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।












