৫ বছরে পাঁচ লাখ শিক্ষার্থীকে ইন্টার্নশিপের আওতায় আনার পরিকল্পনা
- Update Time : 12:15:39 pm, Saturday, 19 September 2026
- / 3 Time View
আগামী পাঁচ বছরে প্রতিবছর এক লাখ করে মোট পাঁচ লাখ শিক্ষার্থীকে ইন্টার্নশিপের আওতায় আনার পরিকল্পনা করছে সরকার বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মাসুমা হাবিব।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি সায়েন্স অনুষদের ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ৬০তম ব্যাচের ২৩তম ইন্টার্নশিপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলনকক্ষে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
অধ্যাপক ড. মাসুমা হাবিব বলেন, সরকার প্রতিবছর এক লাখ শিক্ষার্থীকে ইন্টার্নশিপের আওতায় আনার পরিকল্পনা করছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও দক্ষতা বিকাশের সুযোগ তৈরি হবে। পাশাপাশি তাদের সমস্যা সমাধানের দক্ষতা ও যোগাযোগ দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে।
জেন্ডার-ব্যালান্সড ক্যাম্পাসের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি বলেন, নারী ও পুরুষ শিক্ষার্থীদের সমান সুযোগ ও অংশগ্রহণ নিশ্চিত করে একটি জেন্ডার-ব্যালান্সড ক্যাম্পাস গড়ে তুলতে হবে। উন্নত দেশগুলোতে মেধাবী শিক্ষার্থীরা ভেটেরিনারি সায়েন্সে পড়াশোনা করেন উল্লেখ করে তিনি ইন্টার্নশিপে অংশ নেওয়া শিক্ষার্থীদের জন্য গর্ব প্রকাশ করেন।
ঢাকার বাইরে অবস্থানের কারণে বাকৃবি বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে উল্লেখ করে ইউজিসি সদস্য বলেন, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় অনেক ক্ষেত্রে পিছিয়ে পড়ছে এ বিশ্ববিদ্যালয়। এ অবস্থা থেকে উত্তরণে শিক্ষা, শিল্প ও অ্যাকাডেমিয়ার মধ্যে সমন্বয় বাড়াতে হবে।
অনুষদ সূত্রে জানা যায়, চলতি বছর ভেটেরিনারি সায়েন্স অনুষদের ২০২০-২১ শিক্ষাবর্ষের ডিভিএম ৬০তম ব্যাচের ১৭৯ জন শিক্ষার্থী ইন্টার্নশিপে অংশ নিচ্ছেন। এর মধ্যে ৩৫ জন শিক্ষার্থী বিশ্বের চারটি দেশে ইন্টার্নশিপ করছেন। দেশগুলোর মধ্যে মালয়েশিয়ায় ১৬ জন, থাইল্যান্ডে ১২ জন, জাপানে চারজন এবং নেপালে তিনজন শিক্ষার্থী রয়েছেন।
অনুষ্ঠানে ২০১৯-২০ শিক্ষাবর্ষের ডিভিএম ৫৯তম ব্যাচের সেরা সিজিপিএ অর্জনকারী আট শিক্ষার্থীকে অ্যাকাডেমিক অ্যাওয়ার্ড-২০২৬ দেওয়া হয়। পুরস্কারপ্রাপ্তরা হলেন—নুরুন লায়লা শাওন, মোছা. সাবরিনা ইয়াসমিন নূপুর, মোছা. ফাহমিদা সুলতানা জোনাকি, আফসানা মিমি, মোছা. আঁখি আক্তার শিলা, নওরিন জান্নাত, মো. মোরসালিন এবং মোছা. সালমা খাতুন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউজিসির সদস্য অধ্যাপক ড. মাসুমা হাবিব। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার। বিশেষ অতিথি ছিলেন বাকৃবির কৃষি অনুষদের ডিন ও ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. জি এম মুজিবর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভেটেরিনারি সায়েন্স অনুষদের ডিন ও ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. বাহানুর রহমান।






