সাবেক অতিরিক্ত সচিব অরিজিৎ চৌধুরী আর নেই
- Update Time : 09:53:52 am, Saturday, 12 September 2026
- / 0 Time View
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সাবেক অতিরিক্ত সচিব অরিজিৎ চৌধুরী মারা গেছেন। আজ শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
দীর্ঘ কর্মজীবনে তিনি অর্থ মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পাশাপাশি রূপালী ব্যাংক লিমিটেড, বাংলাদেশ মিউনিসিপ্যাল ডেভেলপমেন্ট ফান্ড এবং সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (এসডিএফ) পরিচালনা পর্ষদে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সরকারি সেবার পাশাপাশি অরিজিৎ চৌধুরী বিভিন্ন আর্থিক ও উন্নয়নমূলক সংস্থায় নেতৃত্বের ভূমিকায় ছিলেন। এর আগে তিনি আইএফআইসি ব্যাংক লিমিটেড, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক এবং নেপাল বাংলাদেশ ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
তিনি বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন, ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন, ফাইন্যান্সিয়াল ইনক্লুশন স্ট্র্যাটেজি পিয়ার লার্নিং গ্রুপ, নিউরো-ডেভেলপমেন্ট প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট এবং স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ (এসএমই) ফাউন্ডেশনের পর্ষদ ও প্রশাসনিক কমিটির সদস্য হিসেবে সক্রিয় ছিলেন।
অরিজিৎ চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যে যান এবং বার্মিংহাম বিশ্ববিদ্যালয় থেকে উন্নয়ন অর্থায়নে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।
তার প্রয়াণে প্রশাসনিক ও অর্থনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠন তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে।