ভাড়া বাসায় মিলল আইনজীবীর অর্ধগলিত মরদেহ
- Update Time : 09:41:18 am, Saturday, 12 September 2026
- / 1 Time View
রাজধানীর লালবাগের ভাড়া বাসা থেকে মুহাম্মদ আনোয়ার হোসেন নামে এক আইনজীবীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুই থেকে তিন দিন আগে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।
শনিবার (১২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে লালবাগের বউবাজার এলাকার একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পাশের কক্ষের এক ভাড়াটিয়া তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে লালবাগ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক আইনগত প্রক্রিয়া শুরু করে। পরে সিআইডির ক্রাইম সিন ইউনিটের সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
মুহাম্মদ আনোয়ার হোসেন জজ কোর্টের একজন আইনজীবী ছিলেন। ঢাকা বার অ্যাসোসিয়েশন অ্যানেক্স ভবনের প্রথম তলার ২১৪ নম্বর কক্ষে তার চেম্বার রয়েছে। পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে, তিনি ওই বাসায় ব্যাচেলর হিসেবে একাই থাকতেন এবং তার পরিবার গ্রামে বসবাস করে।
লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জামিল হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্ট্রোকে তার মৃত্যু হয়েছে।
মরদেহটি দুই থেকে তিন দিন আগের। তার ড্রাইভিং লাইসেন্স পুলিশের কাছে রয়েছে। সেটি যাচাই করে পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।