শৈলকূপায় বাড়ির মালিককে বেঁধে দুর্ধর্ষ ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট
- Update Time : 06:09:24 am, Sunday, 25 October 2026
- / 78 Time View
ঝিনাইদহের শৈলকূপায় বাড়ির মালিককে বেঁধে রেখে স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের ঘটনা ঘটেছে। রোববার (২৫ অক্টোবর) রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার ১ নং ত্রিবেণী ইউনিয়নের বসন্তপুর পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী মাসুম মোল্লা (৫২) ওই এলাকার করিম মোল্লার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতের আঁধারে ৪ থেকে ৫ জন অজ্ঞাতনামা ব্যক্তি মাসুম মোল্লার বাড়িতে প্রবেশ করে। এ সময় তাঁকে বেঁধে রেখে বাড়িতে থাকা স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
পরে সকাল ৬টার দিকে মাসুম মোল্লার ছেলে তামিম হোসেন প্রতিবেশী জসিম হোসেনকে (৪০) ডেকে আনেন। এরপর তাঁরা মাসুম মোল্লাকে বাঁধনমুক্ত করে উদ্ধার করেন। পরে ঘরে গিয়ে আলমারিতে থাকা তাঁর স্ত্রীর দুই ভরি ওজনের স্বর্ণের চেইন ও বালা এবং ড্রয়ারে রাখা নগদ টাকা খোয়া যাওয়ার বিষয়টি জানতে পারেন।
ভুক্তভোগীর দাবি অনুযায়ী, লুট হওয়া দুই ভরি স্বর্ণালংকারের আনুমানিক মূল্য দুই লাখ টাকা এবং নগদ পাঁচ লাখ টাকা। সব মিলিয়ে লুট হওয়া মালামালের আনুমানিক মূল্য সাত লাখ টাকা।
এ বিষয়ে শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় তদন্ত ও আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও লুট হওয়া মালামাল উদ্ধারে পুলিশের তদন্ত চলছে।
এসকাগজ/আরডি
















