শিক্ষাব্যবস্থায় এআই ব্যবহারে জোর দেওয়া হচ্ছে : শিক্ষামন্ত্রী
- Update Time : 02:05:11 pm, Wednesday, 9 September 2026
- / 4 Time View
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশের বিপুল জনসংখ্যাই আমাদের মূল সম্পদ। দেশের উন্নয়ন করতে হলে জনসংখ্যাকে দক্ষ জনসম্পদে রূপান্তরিত করার কোনো বিকল্প নেই।
এজন্য আমরা শিক্ষাব্যবস্থাকে আধুনিক করে গড়ে তুলছি। পাশাপাশি শিক্ষাব্যবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার বৃদ্ধির ওপরেও জোর দেওয়া হচ্ছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) ফ্রান্সের প্যারিসে ইউনেসকো আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান যুগে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার থেকে বিরত থাকার কোনো সুযোগ নেই।
সারা বিশ্বেই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এআইয়ের ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। আমরাও এ ক্ষেত্রে গুরুত্ব দিয়ে কাজ করছি। শ্রেণিকক্ষে এআইয়ের কার্যকর ব্যবহারের জন্য শিক্ষকদের এ বিষয়ে প্রশিক্ষণ দিতে হবে। এ লক্ষ্যে ইতিমধ্যে আমরা ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’, ‘মাল্টিমিডিয়া ক্লাসরুম’সহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছি।
তিনি বলেন, সারা বিশ্বে কারিগরি শিক্ষায় দক্ষ ব্যক্তিদের প্রচুর চাহিদা রয়েছে। প্রবাসী কর্মীরা আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান উৎস। তাদেরকে যদি আমরা দক্ষ করে বিদেশে পাঠাতে পারি তাহলে আমাদের অর্থনীতি আরো সমৃদ্ধ হবে। এজন্য কারিগরি শিক্ষায় অধিক গুরুত্ব দিতে হবে। পাশাপাশি দক্ষ জনশক্তি করে তোলা ও যোগাযোগ দক্ষতার উন্নয়নে আমরা বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় ভাষা শিক্ষার ওপরও গুরুত্ব দিচ্ছি।
তিনি আরো বলেন, কারিগরি শিক্ষার পাশাপাশি আমাদের উচ্চশিক্ষায়ও গুরুত্ব দিতে হবে। কারণ দেশের উন্নয়ন করতে হলে গবেষণার প্রয়োজন রয়েছে। এজন্য বাংলার পাশাপাশি ইংরেজি ভাষায়ও দক্ষতা অর্জন করতে হবে। কারণ ইংরেজি সারা বিশ্বের সঙ্গে যোগাযোগের প্রধান মাধ্যম হিসেবে কাজ করে।