অবৈধ অটোরিকশা নিয়ন্ত্রণে পাঁচ দফা দাবি, গুলশানে ‘গণজাগরণ সমাবেশ’
- Update Time : 03:15:49 pm, Friday, 28 August 2026
- / 5 Time View
রাজধানীর সড়কে অবৈধ অটোরিকশা নিয়ন্ত্রণ, যানজট নিরসন এবং নিরাপদ বিকল্প গণপরিবহন ব্যবস্থা নিশ্চিত করাসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন গুলশান, বনানী, বারিধারা ও নিকেতনের বাসিন্দারা।
শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে গুলশান-২ চত্বরে গুলশান সোসাইটির উদ্যোগে আয়োজিত ‘গণজাগরণ সমাবেশ’ থেকে এসব দাবি জানানো হয়।
সমাবেশে গুলশান সোসাইটির সভাপতি ব্যারিস্টার ওমর সাদাত বলেন, তারা অটোরিকশা বা চালকদের জীবিকার বিরুদ্ধে নন। তারা নিরাপদ সড়ক চান। এ জন্য সড়কে সব ধরনের যানবাহনের চলাচল সুশৃঙ্খল ও নিয়ন্ত্রিত হওয়া প্রয়োজন।
ওমর সাদাত বলেন, রিকশার ওপর নির্ভর করে একটি দেশের পরিবহনব্যবস্থা চলতে পারে না।
বিশ্বের কোনো দেশেই এ ধরনের পরিবহনব্যবস্থা নেই। তাই অবৈধ অটোরিকশা নিয়ন্ত্রণের পাশাপাশি এসব চালকের বিকল্প জীবিকার ব্যবস্থা করতে হবে। তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়ারও দাবি জানান তিনি।
তিনি আরো বলেন, দেশের অন্যতম বড় সমস্যা অসহনীয় যানজট ও অনিয়ন্ত্রিত পরিবহনব্যবস্থা।
অর্থনীতিকে এগিয়ে নিতে প্রশিক্ষিত জনগোষ্ঠী প্রয়োজন। কিন্তু দেশে এর ঘাটতি রয়েছে। অনিয়ন্ত্রিত পরিবহনব্যবস্থার কারণে বিদেশি বিনিয়োগও বাধাগ্রস্ত হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।
সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ব্যাটারিচালিত অবৈধ রিকশা, এর কারণে সৃষ্ট যানজট, সড়কে বিশৃঙ্খলা ও নিরাপত্তাহীনতা নিয়ে আলোচনা হলেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি। এ অবস্থায় দাবিগুলো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত রাজপথে প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা জানান তারা।
সমাবেশ থেকে গুলশান, বনানী, বারিধারা ও নিকেতনবাসীর পক্ষ থেকে পাঁচ দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো—শুধু লাইসেন্সপ্রাপ্ত অটোরিকশা চলাচলের অনুমোদন দেওয়া; প্রধান, গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ সড়কে অটোরিকশা চলাচল সীমিত করা; ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে নিয়মিত ও কার্যকর আইন প্রয়োগ নিশ্চিত করা; নিরাপদ বিকল্প গণপরিবহন ব্যবস্থা চালু করা এবং অটোরিকশাচালকদের বিকল্প জীবিকার ব্যবস্থা করা।
সমাবেশে গুলশান সোসাইটির মহাসচিব মজিবুর রহমান মৃধা, সাবেক মহাসচিব ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা, বনানী সোসাইটির সভাপতি শওকত আলী দিলানসহ বিভিন্ন আবাসিক এলাকার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তারা পাঁচ দফা দাবির প্রতি সমর্থন জানিয়ে বক্তব্য দেন।









