৪ ঘণ্টা পর সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক
- Update Time : 02:35:16 pm, Friday, 2 October 2026
- / 8 Time View
মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরে ইঞ্জিনের হুক ছিঁড়ে বিচ্ছিন্ন হয়ে পড়া আন্ত নগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের সাতটি বগি উদ্ধার করা হয়েছে। এতে প্রায় চার ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
শুক্রবার (২ অক্টোবর) দুপুর ১টা ৬ মিনিটে সিলেট থেকে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ভানুগাছ রেলওয়ে স্টেশন ছেড়ে যায়। লাউয়াছড়া বনাঞ্চলের ভেতরে রেললাইনের উঁচু পাহাড়ি ঢাল বেয়ে ওঠার সময় ট্রেনটির ইঞ্জিনের হুক ছিঁড়ে যায়। এতে পেছনের সাতটি বগি বিচ্ছিন্ন হয়ে পড়ে।
এ ঘটনায় সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
বিচ্ছিন্ন বগিগুলো নিয়ে ট্রেনটি লাউয়াছড়া বনের ভেতরে আটকে থাকায় যাত্রীরা দীর্ঘ সময় ভোগান্তিতে পড়েন।
পরে রেলওয়ের টেকনিক্যাল টিম ঘটনাস্থলে গিয়ে উদ্ধার ও মেরামতকাজ শুরু করে। প্রায় চার ঘণ্টার চেষ্টায় বিচ্ছিন্ন সাতটি বগি উদ্ধার করে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে নেওয়া হয়।
ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার গৌড়প্রসাদ দাশ পলাশ জানান, দুর্ঘটনার পরপরই রেলওয়ের টেকনিক্যাল টিম ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে।
উদ্ধার ও মেরামতকাজ শেষে বিকেল সাড়ে ৫টার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।









