যাত্রাবাড়ীতে ট্রাকচাপায় নিহত ১
- Update Time : 06:47:23 am, Thursday, 22 October 2026
- / 3 Time View
রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তায় ট্রাকের চাপায় মুরগিবাহী ব্যাটারিচালিত রিকশাভ্যানের এক আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় ভ্যানচালক আহত হয়েছেন।
নিহত শামীমের বয়স ৩৫ বছর। আহত ভ্যানচালকের নাম রাসেল (২০)। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভোরের দিকে কাপ্তান বাজার থেকে মুরগি কিনে মুরগি ব্যবসায়ীর সহকারী শামীম ব্যাটারিচালিত রিকশাভ্যানে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে যাচ্ছিলেন। পথে যাত্রাবাড়ী চৌরাস্তায় একটি ট্রাক ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শামীমের মৃত্যু হয়। ভ্যানচালক রাসেল আহত হন।
পরে আহত রাসেলকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শামীমের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
এসআই মো. মিজানুর রহমান আরো জানান, দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন।
নিহত শামীম পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পূর্ব টিয়াখালী গ্রামের শাহজাহানের ছেলে।
দুর্ঘটনার খবর পেয়ে সংশ্লিষ্ট মুরগি ব্যবসায়ী ঘটনাস্থল থেকে তার মুরগিগুলো নিয়ে যান।











