জুলাই হত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে মেনন
- Update Time : 01:11:02 pm, Monday, 19 October 2026
- / 3 Time View
জুলাই আন্দোলনের সময় রাজধানীর মিরপুরে আনোয়ার হোসেন পাটোয়ারী হত্যা মামলায় তিন দিনের রিমান্ড শেষে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (১৯ অক্টোবর) তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ঢাকা মেট্রো উত্তর বিভাগের পরিদর্শক নাসির উদ্দিন সরকার।
শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত বছরের ১৭ ফেব্রুয়ারি আদালত রাশেদ খান মেননের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন। আদালতের অনুমতি নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে সোমবার তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা।
পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট জুলাই আন্দোলনের সময় মিরপুর-১০ গোলচত্বরে গুলিতে নিহত হন আনোয়ার হোসেন পাটোয়ারী। এ ঘটনায় তার বাবা আল আমিন পাটোয়ারী ২০২৪ সালের নভেম্বরে মিরপুর মডেল থানায় হত্যা মামলা করেন। মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৫০ জনকে আসামি করা হয়।
রাশেদ খান মেননকে ২০২৪ সালের ২২ আগস্ট রাজধানীর গুলশানের বাসা থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরপর থেকে তিনি কারাগারে আছেন।













