দক্ষতা উন্নয়নে সুইজারল্যান্ডের ‘ইউপিআর ইনফো’র সঙ্গে ঢাবির চুক্তি
- Update Time : 03:26:53 pm, Wednesday, 14 October 2026
- / 7 Time View
শিক্ষক-শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সুইজারল্যান্ডের জেনেভাভিত্তিক বেসরকারি সংস্থা ‘ইউপিআর ইনফো’র সঙ্গে অংশীদারি চুক্তি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। বুধবার (১৪ অক্টোবর) উপাচার্যের সভাকক্ষে ভার্চুয়ালি এই চুক্তি স্বাক্ষরিত হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং ইউপিআর ইনফোর পক্ষে সংস্থাটির নির্বাহী পরিচালক মোনা এম’বিকায় চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। এ ছাড়া সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান এবং উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের ‘ডিজাইন থিংকিং ইনোভেশন অ্যান্ড জেন্ডার ল্যাব’-এর প্রধান অধ্যাপক ড. সৈয়দ শাইখ ইমতিয়াজ উপস্থিত ছিলেন।
চুক্তির আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানবাধিকার বিশ্লেষণ, জনসমক্ষে বক্তব্য প্রদান, আলোচনা এবং গঠনমূলক সংলাপের দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করবে ইউপিআর ইনফো।
এ ছাড়া নির্বাচিত শিক্ষার্থীদের জন্য প্রস্তুতিমূলক প্রশিক্ষণ সেশন এবং ‘ট্রেনিং-অফ-ট্রেইনার্স’ বা প্রশিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হবে।
মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘মডেল ইউপিআর’-এর প্রস্তুতি, আয়োজন, বাস্তবায়ন ও মূল্যায়নের রূপরেখা নির্ধারণ করাই এই চুক্তির প্রধান লক্ষ্য। পাশাপাশি শিক্ষার্থী, শিক্ষক, সুশীল সমাজ ও জাতীয় মানবাধিকার সংশ্লিষ্ট ব্যক্তিবর্গসহ অন্যান্য অংশীজনের মধ্যে সহযোগিতা বাড়াতে প্রতিষ্ঠান দুটি যৌথভাবে কাজ করবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ইউপিআর ইনফো কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
তিনি আশা প্রকাশ করেন, প্রাতিষ্ঠানিক ও শিক্ষাগত উন্নয়নের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিকীকরণ কার্যক্রম এবং বৈশ্বিক র্যাংকিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান এগিয়ে নিতে এই অংশীদারি গুরুত্বপূর্ণ অবদান রাখবে।









