ক্যান্সারসহ ৭ রোগে অনুদানের জন্য আবেদনকারীদের নতুন নির্দেশনা
- Update Time : 03:28:51 pm, Wednesday, 14 October 2026
- / 11 Time View
ক্যান্সার, কিডনি রোগ, লিভার সিরোসিস, প্যারালাইসিস, হৃদরোগ, লিউকেমিয়া ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের সরকারি আর্থিক সহায়তা পেতে নতুন করে আবেদন করতে হবে। ২০২৫-২৬ অর্থবছরে আবেদন করেও যারা অনুদান পাননি, তাদের আগের আবেদন নতুন অর্থবছরে স্বয়ংক্রিয়ভাবে বিবেচনা করা হবে না।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সামাজিক নিরাপত্তা-১ শাখা থেকে গত ৫ অক্টোবর জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়, ২০২৫-২৬ অর্থবছরে সাতটি রোগে আক্রান্ত ব্যক্তিদের আর্থিক সহায়তা কার্যক্রমের আওতায় আইডিএসডিপি (IDSDP) সফটওয়্যারে জমা পড়া যেসব আবেদনের বিপরীতে অনুদানের অর্থ বিতরণ করা সম্ভব হয়নি, সেগুলো অপেক্ষমাণ রয়েছে। এসব আবেদন জেলা পর্যায় থেকে সংশ্লিষ্ট উপজেলা ইউনিটে স্থানান্তর করে সহায়তা দেওয়ার প্রস্তাব করেছিল সমাজসেবা অধিদপ্তর।
তবে আগের অর্থবছরে জমা দেওয়া আবেদনগুলো ২০১৯ সালের সংশ্লিষ্ট কর্মসূচি বাস্তবায়ন নীতিমালার ভিত্তিতে করা হয়েছিল।
অন্যদিকে, ২০২৬-২৭ অর্থবছরের জন্য অনুদানের পরিমাণ ও রোগের আওতা বাড়িয়ে নতুন নীতিমালা প্রণয়ন করা হয়েছে। ‘ক্যান্সার, কিডনি রোগ, লিভার সিরোসিস, প্যারালাইসিস, হৃদরোগ, লিউকেমিয়া ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত ব্যক্তিদের আর্থিক সহায়তা কার্যক্রম বাস্তবায়ন নীতিমালা, ২০২৬ (সংশোধিত)’ অনুযায়ী এবার অনুদান দেওয়া হবে।
এ পরিস্থিতিতে আগের অর্থবছরের অপেক্ষমাণ আবেদনগুলো নতুন অর্থবছরে স্থানান্তর না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিবর্তে, নতুন নীতিমালার আলোকে সংশ্লিষ্ট রোগীদের কাছ থেকে নতুন করে আবেদন গ্রহণ করে অনুদানের অর্থ বিতরণের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সমাজসেবা অধিদপ্তরকে নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়।
ফলে আগের অর্থবছরে আবেদন করেও অনুদান না পাওয়া রোগীদের সহায়তা পেতে নতুন নীতিমালা অনুসরণ করে পুনরায় আবেদন করতে হবে।










