সৌদিতে ফ্লাইট চলাচলে বিধি-নিষেধ, ঢাকায় ৯৬৭৪ যাত্রী ক্ষতিগ্রস্ত
- Update Time : 09:36:44 am, Tuesday, 13 October 2026
- / 3 Time View
সৌদি আরবের বিমানবন্দরগুলোতে ফ্লাইট চলাচলে বিধি-নিষেধের কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী ভোগান্তি বেড়েছে। এখন পর্যন্ত সরাসরি ও ট্রানজিট মিলিয়ে ৬২টি ফ্লাইটের যাত্রাসূচিতে প্রভাব পড়েছে।
এতে ক্ষতিগ্রস্ত হয়েছে ৯ হাজার ৬৭৪ যাত্রী।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট ম্যানেজমেন্ট শাখার স্কোয়াড্রন লিডার সাকিবের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, প্রভাব পড়া ফ্লাইটের মধ্যে সরাসরি ফ্লাইট ২৩টি এবং ট্রানজিট ফ্লাইট ৩৯টি।
সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নয়টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের দুটি, সৌদিয়া এয়ারলাইনসের পাঁচটি এবং রিয়াদ এয়ারওয়েজের সাতটি ফ্লাইট রয়েছে।
অন্যদিকে ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ১৬টি, এমিরেটসের নয়টি, কাতার এয়ারওয়েজের পাঁচটি, ফ্লাইদুবাইয়ের পাঁচটি, সালামএয়ারের তিনটি এবং ইজিপ্টএয়ারের একটি ফ্লাইটের যাত্রাসূচিতে প্রভাব পড়েছে।
ফ্লাইট চলাচলে এই বিঘ্নের কারণে সৌদি আরবে কর্মস্থলে ফেরা প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি ট্রানজিটে অন্য দেশে যাত্রা করা যাত্রীরাও সমস্যায় পড়েছেন। নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে না পারায় তাদের ভ্রমণ পরিকল্পনায় অনিশ্চয়তা তৈরি হয়েছে।
বিশেষ করে ছুটি শেষে সৌদি আরবে কর্মস্থলে ফেরার অপেক্ষায় থাকা প্রবাসীদের জন্য পরিস্থিতি উদ্বেগের। নির্ধারিত সময়ে কাজে যোগ দিতে না পারলে তাদের চাকরি ও ভিসার মেয়াদ নিয়ে জটিলতা দেখা দিতে পারে।
পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইটের সময়সূচিতে আরো পরিবর্তন আসতে পারে। তাই যাত্রীদের বিমানবন্দরে যাওয়ার আগে সংশ্লিষ্ট এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ অবস্থা নিশ্চিত করার পরামর্শ দেওয়া হচ্ছে।












