আরব আমিরাতে শ্রমবাজার ও নতুন সুযোগের সম্ভাবনা নিয়ে বৈঠক
- Update Time : 08:18:42 am, Tuesday, 13 October 2026
- / 6 Time View
সংযুক্ত আরব আমিরাতের জনগণের সঙ্গে নিবিড় যোগাযোগ বৃদ্ধি এবং সেখানে বাংলাদেশের শ্রমবাজার সম্প্রসারণের বিষয়ে বিশেষ জোর দিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। মঙ্গলবার (১৩ অক্টোবর) তেজগাঁওয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হুমুদির সঙ্গে এক বৈঠকে এসব বিষয় উঠে আসে।
এ ছাড়া বৈঠকে আমিরাতে বাংলাদেশি দক্ষ কর্মীদের কর্মসংস্থান এবং ট্যাক্সি ও ট্রাক ড্রাইভার হিসেবে পেশাগত কাজের নতুন সুযোগ সৃষ্টির বিষয়টিও গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।
সাক্ষাতে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বিদ্যমান ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং মুসলিম ভ্রাতৃত্বের গভীর বন্ধন নিয়ে বিস্তারিত আলাপ হয়। বৈঠকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আমল থেকে দুই দেশের সম্পর্কের যে সুদৃঢ় ভিত্তি তৈরি হয়েছিল, তা গুরুত্বের সঙ্গে স্মরণ করা হয়।
এ ছাড়া সম্প্রতি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং সংযুক্ত আরব আমিরাতের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের মধ্যে অনুষ্ঠিত শীর্ষ বৈঠকের প্রসঙ্গ টেনে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।
একই সঙ্গে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ, বাংলাদেশে সংযুক্ত আরব আমিরাতের বিনিয়োগ বৃদ্ধি, জ্বালানি খাতে সহযোগিতা জোরদার এবং অবকাঠামো ও শিল্প খাতে নতুন সম্ভাবনার ক্ষেত্রগুলো নিয়ে দুই পক্ষ মতবিনিময় করেন।
উভয় দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অর্থনৈতিক অংশীদারত্বকে আরো গতিশীল ও ফলপ্রসূ করার বিষয়ে তারা দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।












