রোনালদোর পর্তুগাল ক্যাম্প ছাড়ার নেপথ্যে তাহলে ‘বিশ্বাসঘাতকতা’
- Update Time : 04:04:31 am, Friday, 2 October 2026
- / 7 Time View
অভিমানে পর্তুগালের ক্যাম্প ছেড়ে চলে গেছেন রোনালদো।
পর্তুগাল জাতীয় দলের ক্যাম্প ছেড়ে ক্রিস্টিয়ানো রোনালদোর হঠাৎ চলে যাওয়া নিয়ে রহস্য এখনো কাটেনি।
তবে স্প্যানিশ সাংবাদিক ও রোনালদোর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এদু আগিরে দাবি করেছেন, ঘটনার নেপথ্যে আছে কোচ জর্জ জেসুসের সঙ্গে বৈঠক, ক্ষমা চাওয়া এবং পরে সেই প্রতিশ্রুতি না রাখার ঘটনা।
আগিরের ভাষ্য, নরওয়ের বিপক্ষে ম্যাচে রোনালদোকে প্রায় ৩০ মিনিট গা গরম মাঠে নামাননি জেসুস। এরপর মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাতে পর্তুগাল ফুটবল ফেডারেশনের সভাপতি, কোচ জেসুস ও অধিনায়ক রোনালদোর মধ্যে বৈঠক হয়। সেখানে জেসুস রোনালদোর কাছে ক্ষমা চান।
আগিরে বলেন, ‘জর্জ জেসুস রোনালদোর কাছে ক্ষমা চেয়েছিলেন।
৩০ মিনিট গা গরম করিয়ে শেষ পর্যন্ত মাঠে না নামানোর জন্য তিনি দুঃখ প্রকাশ করেছিলেন।’
আগিরে আরো দাবি করেন, ‘জেসুস শুধু ব্যক্তিগতভাবে ক্ষমা চাননি, তিনি রোনালদোকে বলেছিলেন যে সংবাদ সম্মেলনেও প্রকাশ্যে ক্ষমা চাইবেন এবং স্বীকার করবেন যে তিনি ভুল করেছিলেন। এটাই ছিল জেসুসের প্রতিশ্রুতি।’
কিন্তু সংবাদ সম্মেলনে জেসুস সেই প্রতিশ্রুতি রাখেননি।
বরং নিজেকে দলের সিদ্ধান্তদাতা হিসেবে তুলে ধরেন এবং রোনালদোকেও অন্য খেলোয়াড়দের মতোই দেখেন বলে জানান।
আগিরে বলেন, ‘জর্জ জেসুস সংবাদ সম্মেলনে গিয়ে এমন সব কথা বলেন, যা কেউ বিশ্বাস করবে না। এ কারণেই রোনালদো ক্ষুব্ধ হন। কারণ, তিনি নিজেকে বিশ্বাসঘাতকতার শিকার মনে করেন।’
স্প্যানিশ এই সাংবাদিক আরো বলেন, ‘ভাবুন, আপনার কোচ ব্যক্তিগতভাবে এসে বলছেন, ‘আমি ঠিকভাবে বিষয়টি সামলাতে পারিনি।
আমরা সবাই একসঙ্গে আছি। আমাকে ক্ষমা করুন। সংবাদ সম্মেলনে সব পরিষ্কার করব, ক্ষমা চাইব। চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে।’
‘কিন্তু ১২ ঘণ্টা পর সংবাদ সম্মেলনে গিয়ে তিনি রোনালদোকে আরো খারাপ পরিস্থিতিতে ফেললেন, বললেন তিনিই সিদ্ধান্ত নেন এবং রোনালদো আর দশজন খেলোয়াড়ের মতোই।’
এরপর রোনালদোর প্রতিক্রিয়া ছিল, ‘আমি বাড়ি যাচ্ছি। এটা বিশ্বাসঘাতকতা।’
তবে আগিরের এসব দাবি সত্যি কি না, এ ব্যাপারে কোনো পক্ষই মুখ খোলেনি। জেসুসও প্রকাশ্যে রোনালদোর সঙ্গে বড় কোনো বিরোধের কথা অস্বীকার করেছেন।
পর্তুগালের ক্যাম্প ছেড়ে যাওয়া রোনালদো বর্তমানে স্পেনের রাজধানী মাদ্রিদে আছেন বলে জানা গেছে। দেশের জার্সিতে তাকে আর কখনো না-ও খেলতে দেখা যেতে পারে।








