জামায়াতকে হেফাজতের কাছ থেকে ইসলাম প্রচার শিখতে বললেন রাশেদ
- Update Time : 02:29:13 pm, Friday, 2 October 2026
- / 7 Time View
ইসলামী মূল্যবোধের প্রচার কিভাবে করতে হয়, তা হেফাজতে ইসলামের কাছ থেকে জামায়াতে ইসলামীকে শেখা উচিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি বলেন, ইসলামের প্রচার ও প্রসারে হেফাজতে ইসলাম বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
শুক্রবার (২ অক্টোবর) দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলূম বাবুনগর মাদরাসায় হেফাজতে ইসলামের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
জামায়াতে ইসলামীকে উদ্দেশ করে রাশেদ খাঁন বলেন, আমি মনে করি, যারা ইসলামের কথা বলছে, বিশেষ করে জামায়াতে ইসলামী- তাদের আমি পরামর্শ দেব যে ইসলামী মূল্যবোধের প্রচার কিভাবে করতে হয়, সেটা হেফাজতে ইসলামের কাছ থেকে আপনারা শেখেন।
তিনি বলেন, নির্বাচনের আগে ‘জান্নাতের টিকিট’ বিতরণের নামে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছিল এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির এ বিষয়ে মানুষকে সচেতন করেছেন। ইসলামের প্রচার ও প্রসারে হেফাজতে ইসলাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তিনি আরো বলেন, আপনারা ইসলাম থেকে, ইসলামী মূল্যবোধ থেকে যোজন যোজন দূরে সরে গিয়েছেন। এটি জামায়াতের কাছ থেকে দেশের জনগণ প্রত্যাশা করে না।
জামায়াতের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করে রাশেদ খাঁন বলেন, একদিকে ইসলামের কথা বলা হচ্ছে, অন্যদিকে জামায়াতের রাজনৈতিক বক্তব্য ও কর্মকাণ্ডের সঙ্গে ইসলামী মূল্যবোধের অসামঞ্জস্য রয়েছে।
হেফাজতে ইসলামের আমিরের সঙ্গে সাক্ষাতের প্রসঙ্গে রাশেদ খাঁন জানান, বর্তমান সরকারকে সবার সহযোগিতা করা উচিত বলে আমির তাকে জানিয়েছেন।
পাশাপাশি সরকারের সাত মাসের মাথায় লং মার্চের প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। যারা একসঙ্গে আন্দোলন-সংগ্রাম করে ফ্যাসিবাদকে হটিয়েছিল, তাদের সবার দায়িত্ব একতাবদ্ধ থেকে রাষ্ট্র পুনর্গঠনে ভূমিকা রাখা।








