হুতিরা বিশৃঙ্খলা বেছে নেওয়ায় সৌদির নিরাপত্তায় কোনো আপোস করবেন না যুবরাজ
- Update Time : 08:44:52 am, Thursday, 1 October 2026
- / 4 Time View
সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেছেন, হুতিদের হামলার মুখে দেশের নিরাপত্তা নিয়ে কোনো আপস করবে না সৌদি আরব। তবে একই সঙ্গে আঞ্চলিক উত্তেজনা কমাতে কূটনৈতিক সমাধানের চেষ্টা চালিয়ে যাওয়ার কথাও বলেছেন তিনি।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (৩০ সেপ্টেম্বর) সৌদি আরবের শুরা কাউন্সিলের নবম অধিবেশনের তৃতীয় বছরের উদ্বোধনী অনুষ্ঠানে বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদের পক্ষে দেওয়া এক ভাষণে যুবরাজ এসব কথা বলেন।
ভাষণে মোহাম্মদ বিন সালমান বলেন, হুতিরা ‘বিশৃঙ্খলা ও ধ্বংসের পথ বেছে নিয়েছে’। সৌদি আরবের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় দেশটি প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে প্রস্তুত বলেও তিনি জানান। তিনি বলেন, দেশের নিরাপত্তা ক্ষতিগ্রস্ত করার কোনো ধরনের হুমকি বা হামলার বিরুদ্ধে কঠোর জবাব দিতে সৌদি আরব দ্বিধা করবে না।
তিনি তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে আগস্টে করা ত্রিপক্ষীয় মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির কথাও উল্লেখ করেন। যুবরাজ বলেন, ‘এই চুক্তি সৌদি নেতৃত্বের আঞ্চলিক স্থিতিশীলতা আরো শক্তিশালী করা, সংঘাত ও উত্তেজনার ক্ষতি থেকে অঞ্চলকে রক্ষা করা এবং নিজেদের মধ্যে সহযোগিতা বাড়ানোর লক্ষ্যকে তুলে ধরে।’
একই সঙ্গে তিনি বলেন, ‘সৌদি আরব দেশের নিরাপত্তার সঙ্গে কোনো আপস না করেই উত্তেজনা কমানো এবং কূটনৈতিক সমাধান খুঁজে বের করার জন্য সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে।’
লোহিত সাগর রক্ষায় সামুদ্রিক জোট
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান লোহিত সাগর ও বাব আল-মানদেব প্রণালিতে হুতিদের জাহাজে হামলার বিষয়েও কথা বলেছেন।
তিনি রাজনৈতিক বা অর্থনৈতিক চাপ তৈরির জন্য আন্তর্জাতিক জলপথ ব্যবহার করার বিরোধিতা করেন।
তিনি বলেন, ‘আন্তর্জাতিক জলপথে সবার স্বার্থ রক্ষার জন্য একটি বহুজাতিক প্রতিরক্ষামূলক সামুদ্রিক জোট গঠন করা হয়েছে।’ সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার ও সৌদি-সমর্থিত বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবে হুতিরা সৌদি আরবে হামলা বাড়িয়েছে।
গত সপ্তাহে সৌদি আরব জানায়, দেশটির পশ্চিমাঞ্চলের তাইফ এবং লোহিত সাগরের ইয়ানবু বন্দর এলাকাকে লক্ষ্য করে ছোড়া ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তারা ভূপাতিত করেছে। হুতিরাও দাবি করেছে, তারা সৌদি রাজধানী রিয়াদে একটি গুরুত্বপূর্ণ স্থাপনা এবং ইয়ানবুতে সৌদি আরবের তেল কম্পানি আরামকোর কয়েকটি স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে।
মঙ্গলবার পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ বলেন, সৌদি আরবের ওপর হুতিদের হামলা অব্যাহত থাকলে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেবে পাকিস্তান।








