স্থানীয় সরকার নির্বাচনে প্রয়োজনে সেনা মোতায়েন করা হবে
- Update Time : 11:59:11 am, Thursday, 1 October 2026
- / 3 Time View
স্থানীয় সরকার নির্বাচন সম্পূর্ণ সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে প্রয়োজনে সেনাবাহিনী মোতায়েন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, সর্বসাধারণের কাছে নির্বাচন শতভাগ গ্রহণযোগ্য করতে যদি সেনা মোতায়েন করতে হয়, তবে সেনা মোতায়েন করা হবে।
তবু জনগণের প্রত্যক্ষ ভোটে তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচনের পরিবেশ নিশ্চিত করা হবে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে গাইবান্ধা সার্কিট হাউসে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়সভায় তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে, ২০২৭ সালের জানুয়ারি থেকে জুনের মধ্যে তারা ধাপভিত্তিক নির্বাচন কার্যক্রম শুরু করবে। এ লক্ষ্যে নির্বাচন কমিশনকে সার্বিক সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় বাজেট বরাদ্দ রাখা হয়েছে।
নির্বাচনের নিরপেক্ষতা নিশ্চিত করার বিষয়ে তিনি বলেন, গণমাধ্যমের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই, নির্বাচনের কোনো অনিয়ম বা কলঙ্কের দায় বিএনপি সরকার কিংবা তারেক রহমান নিজের ঘাড়ে নেবেন না। আগামী দিনে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ ও জেলা পরিষদ নির্বাচন যেন সম্পূর্ণ অবাধ, সুষ্ঠু ও দল নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়, সেজন্য প্রশাসন ও নির্বাচন কমিশনকে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।
দেশে বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবেলায় সরকারের গৃহীত রুফটপ সোলার প্যানেল মহাপরিকল্পনার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, আমরা উত্তরাধিকার সূত্রে বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকট পেয়েছি। এ সংকট কাটাতে প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদে সোলার প্যানেলে বিদ্যুৎ উৎপাদনের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি মহাপরিকল্পনা ঘোষণা করেছেন।
ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদন করে নিজেদের চাহিদা মেটানোর পর নেট মিটারের মাধ্যমে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিলে সরকার প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সা হারে মূল্য পরিশোধ করবে।
তিনি আরো জানান, স্থানীয় সরকারভুক্ত প্রতিষ্ঠান- যেমন ইউনিয়ন পরিষদ, গ্রামীণ হাট-বাজার, জেলা পরিষদ, পৌরসভা, সিটি করপোরেশন এবং তাদের আওতাধীন ডাক-বাংলো, অডিটোরিয়াম ও কমিউনিটি সেন্টারের ছাদে সৌর প্যানেল স্থাপনের জন্য ৩৭০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।








