অনিয়ম-দুর্নীতির খবর বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার আহ্বান অ্যাটর্নি জেনারেলের
- Update Time : 01:57:37 pm, Tuesday, 29 September 2026
- / 2 Time View
বিচারাঙ্গন বা অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের অনিয়ম-দুর্নীতির খবর বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে গণমাধ্যমকর্মীদের আহ্বান জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্ট বিটের সাংবাদিকদের সংগঠন সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের (এসআরএফ) দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘পেশাগত জীবনে আমারও দীর্ঘদিন সাংবাদিকতা করার সুযোগ হয়েছে। যে কারণে সাংবাদিকদের সুখ-দুঃখ কিছুটা হলেও বোঝার চেষ্টা করি। তবে সুপ্রিম কোর্টে যারা সাংবাদিকতা করেন, তাঁদের চোখে যদি অ্যাটর্নি জেনারেল কার্যালয়, সুপ্রিম কোর্ট বা প্রশাসনের কোনো অনিয়ম-অনাচার বা দুর্নীতি পরিলক্ষিত হয়, তাহলে সংবাদটি বস্তুনিষ্ঠভাবে জাতির সামনে উপস্থাপন করতে হবে।’
আদালতে সংবাদ সংগ্রহের ক্ষেত্রে সীমাবদ্ধতা রয়েছে উল্লেখ করে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বলেন, ‘সম্প্রতি প্রধান বিচারপতির কর্মতৎপরতার কারণে আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগে হাজার হাজার মামলা নিষ্পত্তি হয়েছে।
এই তথ্যও জাতির সামনে তুলে ধরতে হবে।’
তিনি বলেন, ‘শুধু নেতিবাচক সংবাদ প্রচার নয়। বিচারাঙ্গনে যেসব মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়, সেসব খবরও প্রচার-প্রকাশ করতে হবে। আমি চাই না আদালত সম্পর্কে কোনো ভুল বার্তা যাক।
সঠিক তথ্য মানুষ জানুক—এটাই আমার এবং আমাদের প্রত্যাশা।’
কেক কেটে এসআরএফের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের উদ্বোধন করেন অ্যাটর্নি জেনারেল। এসআরএফ সভাপতি মো. দিদারুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান ডালিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল হাবিবুর রহমান সিদ্দিকী এবং সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির। এ সময় সুপ্রিম কোর্টের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও আইনজীবীরা উপস্থিত ছিলেন।
এর আগে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে র্যালি করেন এসআরএফের সদস্যরা।
পেশাগত দায়িত্ব পালনে পারস্পরিক সহযোগিতা, সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষার প্রতিশ্রুতি নিয়ে ২০২৪ সালে যাত্রা শুরু করে এসআরএফ।









