ট্রাকচালক হত্যা : প্রথম দিনেই হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে সাক্ষ্য হয়নি
- Update Time : 07:54:48 am, Wednesday, 25 November 2026
- / 1 Time View
জুলাই আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় মো. হোসেন নামে এক মালবাহী ট্রাকের চালককে হত্যার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে প্রথম দিনেই সাক্ষ্য গ্রহণ হয়নি।
বুধবার (২৫ নভেম্বর) মামলাটির সাক্ষ্যগ্রহণের জন্য দিন নির্ধারণ ছিল।
তবে এদিন এই মামলায় কাশিমপুর কারাগার থেকে ৬ আসামিকে আদালতে উপস্থিত করতে পারেননি কারা কর্তৃপক্ষ। এ জন্য ঢাকার চার নম্বর বিশেষ জজ আদালত-৪-এর বিচারক রবিউল আলমের আদালত সাক্ষ্য গ্রহণের তারিখ পিছিয়ে আগামী ৭ ডিসেম্বর নির্ধারণ করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আজ মামলার প্রথম সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য ছিল।
এদিন সাক্ষ্য দিতে নিহতের মা ও মামলার বাদী রীনা বেগমসহ ৪ জন আদালতে উপস্থিত হন। তবে কাশিমপুর কারাগার থেকে ছয় আসামিকে নিরাপত্তাজনিত কারণে আদালত উপস্থিত করা হয়নি। এ জন্য আদালত পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ৭ ডিসেম্বর দিন নির্ধারণ করেন।
এর আগে, গত ২৬ অক্টোবর আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।
একই সঙ্গে সাক্ষ্য গ্রহণের জন্য তারিখ রাখেন ২৫ নভেম্বর।
এদিন সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক সংসদ সদস্য সাদেক খান, মুহাম্মদ বদিউল আলম ওরফে বদিউজ্জামান ও সুমন মিয়া ওরফে কাইল্লা সুমনকে কারাগার থেকে আদালতে উপস্থিত করা হয়। জামিনে থাকা অন্যান্য আসামিরাও হাজিরা দেন। এই মামলায় সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও সাবেক সংসদ সদস্য সাদেক খানসহ ১০ জন কারাগারে আটক রয়েছেন।
মামলার অন্য আসামিরা হলেন—আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক সংসদ সদস্য সাদেক খান, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান, আসিফ আহম্মেদ, তারেকুজ্জামান রাজিব, শেখ বজলুর রহমান, নুর মোহাম্মদ সেন্টু, তোফায়েল সিদ্দিক ওরফে তুহিন, রহমান মিয়া ওরফে এ কে এম অহিদুর রহমান, পলাশ, ওলিউর রহমান, খলিলুর রহমান, ইমন, এস এম রিয়াজুল হক তামিম, মাসুদুর রহমান বিপ্লব, আব্দুস সাত্তার ভূইয়া ওরফে এম এ সাত্তার, পারভেজ ওরফে গোল্ডেন পারভেজ, সুমন মিয়া ওরফে কাইল্লা সুমন, মিলন হোসেন, সোহেল ওরফে ভূইয়া সোহেল ওরফে বুনিয়া সোহেল, সলিম উল্লাহ সলু, ইরফান, মুহাম্মদ বদিউল আলম ওরফে বদিউজ্জামান, ফুরকান হোসেন, শাহজাহান খান, সাজ্জাদ হোসেন, ফারুক হোসেন অভি ও নাইমুল হাসান রাসেল।
মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলার সময় ২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় গুলিতে নিহত হন মো. হোসেন। তিনি পেশায় ট্রাকচালক ছিলেন। সেদিন তিনি গাবতলীতে ট্রাক রেখে বাসায় ফিরছিলেন। চাঁদ উদ্যান এলাকায় তিনি গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান। এ ঘটনায় ২০২৪ সালের ৩১ আগস্ট নিহত ব্যক্তির মা রীনা বেগম বাদী হয়ে মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করেন।
২০২৫ সালের ২৩ নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক আকরামুজ্জামান আদালতে শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।











