গোপালগঞ্জে অর্থায়নের অভিযোগ : ব্যাংক হিসাব জব্দের তালিকায় যাদের নাম
- Update Time : 07:44:52 am, Wednesday, 25 November 2026
- / 1 Time View
সম্প্রতি গোপালগঞ্জে আন্দোলনে অর্থায়ন এবং অস্থিরতা সৃষ্টির অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় শীর্ষ নেতা, সাবেক আমলা, জনপ্রতিনিধিসহ শতাধিক ব্যক্তির সন্ধান পেয়েছে সরকারের গোয়েন্দা সংস্থা। এবার সেই অভিযোগে মোট ১০১ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব তল্লাশি ও জব্দের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডসহ সরকারের গোয়েন্দারা।
ব্যাংক হিসাব জব্দ ও তল্লাশির তালিকায় আছে ৯৭ ব্যক্তি এবং চারটি করদাতা কম্পানি।
গোপালগঞ্জ জেলায় সাম্প্রতিক সময়ে রাজনৈতিক উত্তেজনা, বিক্ষোভ, সংঘর্ষ এবং নিরাপত্তা জোরদারের একাধিক ঘটনা ঘটেছে। ঘটনায় থানায় ও সরকারদলীয় এমপির ঘরবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটান আওয়ামী সমর্থকরা। অবরোধে খুলনার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয় ঢাকার।
এসব ঘটনা খতিয়ে দেখতে মাঠে নামে সরকারের একাধিক গোয়েন্দা সংস্থা, যাতে প্রমাণ মেলে স্থানীয় আওয়ামী লীগ নেতা, সাবেক আমলাসহ শতাধিক ব্যক্তির সংশ্লিষ্টতার। এরই পরিপ্রেক্ষিতে আর্থিক অনিয়ম এবং আন্দোলনে অর্থায়নের মাধ্যমে অস্থিরতা তৈরির অভিযোগে এসব ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ ও তল্লাশি করেছে এনবিআর ও সরকারের গোয়েন্দারা। গত তিন দিনে সংশ্লিষ্ট ব্যাংকগুলোতে চিঠি দিয়ে হিসাব জব্দ করা হয়। ব্যাংক হিসাব তল্লাশি ও জব্দের তালিকায় রয়েছেন সাবেক স্বাস্থ্যসচিব মো. সিরাজুল হক খান ও তাঁর স্ত্রী আশরাফুন নাহার।
এ ছাড়া রাজনৈতিক নেতাদের মধ্যে রয়েছেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি চৌধুরী খসরুল আলম, গোপালগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান ভূঁইয়া এবং ভাইস চেয়ারম্যান সুশীল বিশ্বাস (শিপন)। তালিকায় আরো নাম রয়েছে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মো. বাবুল শেখ, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্র নাথ বিশ্বাস ও সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. রবিউল আলম সিকদার, উপজেলা চেয়ারম্যান মো. কবির মিয়া, ভাবড়াশুর ইউপি চেয়ারম্যান এস এম রিফাতুল আলম, কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. মোক্তার হোসেন প্রমুখের।
এনবিআর সূত্র জানায়, তালিকাভুক্ত ৯৭ জন ব্যক্তি করদাতার মধ্যে সর্বোচ্চ ৩২ জনই কোটালীপাড়া উপজেলার বাসিন্দা। এ ছাড়া কাশিয়ানী উপজেলায় ১৯ জন, গোপালগঞ্জ সদরে ১৭ জন, টুঙ্গিপাড়ায় ১৫ জন এবং মুকসুদপুর উপজেলার ১৪ জনের ব্যাংক হিসাব তল্লাশি ও জব্দ করা হয়েছে। আয়কর নথি যাচাই-বাছাই এবং ব্যাংক হিসাব জব্দের এই প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর আর্থিক লেনদেনের স্বচ্ছতা খতিয়ে দেখছে গোয়েন্দারা।
তালিকাভুক্ত এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের তথ্য পাওয়ার পর নেওয়া হবে আইনি ব্যবস্থা।










