স্ত্রীসহ বেস্টওয়ে গ্রুপের এমডি মিজানুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- Update Time : 02:03:40 pm, Monday, 28 September 2026
- / 2 Time View
মানিলন্ডারিং ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বেস্টওয়ে গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও মো. মিজানুর রহমান ও তার স্ত্রী তানিয়া সুলতানা তানভীর দেশত্যাগের নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে সোমবার (২৮ সেপ্টেম্বর) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত মো. শাহজাহান কবিরের আদালত আদেশ দেন।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
দুদকের সহকারী পরিচালক (মানিলন্ডারিং) মো. সেলিম মিয়ার আবেদনের প্রেক্ষিতে আদালত এ আদেশ দেন।
আবেদনে বলা হয়, প্রাথমিক তথ্যাদি পর্যালোচনায় দেখা যায় মিজানুর রহমান ও তার স্ত্রী তানিয়া সুলতানা তানভী হাউজিং ব্যবসার আড়ালে প্রতারণার মাধ্যমে প্রায় ২০০ কোটি টাকা মানিলন্ডারিং এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। এমন অভিযোগের অনুসন্ধান চলছে।
আরো বলা হয়, প্লট বরাদ্দের নামে গ্রাহকদের কাছ থেকে অর্থ নিয়ে প্রতিশ্রুত প্লট বুঝিয়ে না দেওয়া এবং অর্থ ফেরত না দেওয়ার অভিযোগে বেস্টওয়ে ল্যান্ড প্রোপার্টিজ লিমিটেডের এমডি মো. মিজানুর রহমান, চেয়ারম্যান তানিয়া সুলতানা তানভী ও পরিচালক মো. মোমেনের বিরুদ্ধে গত ২১ জুলাই মামলাটি মানিলন্ডারিং প্রতিরোধ আইনে বনানী থানায় মামলাটি করা হয়।
দুদক জানায়, মিজানুর রহমান ও তার স্ত্রী তানিয়া সুলতানা তানভী দেশত্যাগের চেষ্টা করছেন। তারা বিদেশে পালিয়ে গেলে অভিযোগের অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন রহিত করা একান্ত প্রয়োজন।








