সাপ্লাই লাইন করা হয়েছে, সঠিকভাবে জ্বালানি আসছে : জ্বালানি মন্ত্রী
- Update Time : 02:17:41 pm, Sunday, 27 September 2026
- / 1 Time View
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ইরান-ইসরায়েল যুদ্ধের কারণে তেল ও গ্যাস সরবরাহের প্রধান জায়গা মধ্যপ্রাচ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। বিকল্প উৎস খুঁজতে গিয়ে একটু সময় লেগেছিল।
আবার এফএআরইউতে আগুন লাগার কারণে কেনা সত্ত্বেও আনা যায়নি। সব দুর্যোগ উতরিয়ে জ্বালানি সাপ্লাই লাইন করা হয়েছে, সঠিকভাবে জ্বালানি আসছে।
রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা জানান।
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘যে সাময়িক অবস্থা হয়েছিল, সেটি পৃথিবীর সব জায়গায় হয়েছে।
তারপরও জনগণ যে কষ্ট করেছে, সেজন্য আমরা দুঃখিত—কারণ জনগণ আস্থা রেখে আমাদের ভোট দিয়েছিল। কিন্তু যোগান ও দুর্ঘটনার জন্য দেরি হয়েছে।’
তিনি আরো বলেন, ‘এখন জ্বালানি আনতে পেরেছি, শিডিউলও ঠিক করা হয়েছে। আশা করি, আগামীতে অন্য কোনো দুর্ঘটনা না ঘটলে বিদ্যুৎ ও জ্বালানি ঠিকভাবে সরবরাহ করতে পারব।
সরবরাহ বিঘ্নিত হওয়ায় যে ক্ষতি হয়েছে, সেজন্য দুঃখিত। সরকার এটি ইচ্ছা করে করেনি।’
জনগণের কষ্ট লাঘবে বিকল্প উৎস খুঁজে বের করেছে, বেশি দাম দিয়ে গ্যাসও আনা হয়েছে উল্লেখ করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী বলেন, ‘যদি কোনো কিছু না হয়, সামনের দিনগুলো আমরা ভালোভাবে চালাতে পারব।’
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী নিজে হাত দিয়েছেন বলেই তাড়াতাড়ি সমাধান সম্ভব হয়েছে। টিম ওয়ার্ক করেছে।
জনগণ যেন কোনোরকম ভোগান্তির শিকার না হয় সেজন্য সচেষ্ট আছি। আমি বলে কিছু নাই, প্রধানমন্ত্রী নিজে কাজ করেছে বলে এত তাড়াতাড়ি সম্ভব হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে জনগণ যেন ভোগান্তিতে না থাকে, সেই ব্যাপারে সচেষ্ট আছি।’









