কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে নিহত ১, গ্রেপ্তার ১
- Update Time : 04:19:46 pm, Saturday, 26 September 2026
- / 39 Time View
কুষ্টিয়া সদর উপজেলার রাজাপুর-খয়েরপুর গ্রামে আধিপত্য বিস্তার ও পূর্ববিরোধের জেরে দুইপক্ষের সংঘর্ষে হালিম সর্দার (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৭টার দিকে আলামপুর ইউনিয়নের খয়েরপুর এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত হালিম সর্দার খয়েরপুর এলাকার মৃত কলম সর্দারের ছেলে। এ ঘটনায় বকুল সর্দার (৩০) নামের একজনকে গ্রেপ্তার করেছে কুষ্টিয়া মডেল থানা পুলিশ। গ্রেপ্তার বকুল সর্দার একই এলাকার আব্দুস সাত্তারের ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন আগে একটি মসজিদের ব্যাটারি চুরিকে কেন্দ্র করে আলামপুর ইউনিয়নের রাজাপুর-খয়েরপুর এলাকায় মান্নান মেম্বার-বকুল গ্রুপ এবং ইউসুফ মেম্বার-মেহেদী গ্রুপের মধ্যে উত্তেজনা চলে আসছিল। এরই জেরে গত কয়েক দিন ধরে এলাকায় দফায় দফায় হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে।
ঘটনার দিন ভোরে চাপাইগাছি বিলের পাশে দুই পক্ষ সংঘর্ষে জড়াতে প্রস্তুতি নেয়। সকালে বাড়ি থেকে বের হয়ে বিলের দিকে যাওয়ার সময় প্রতিপক্ষের লোকজন অতর্কিত হামলা চালায়। অভিযোগ রয়েছে, মান্নান গ্রুপের সমর্থক নজরুলের বাড়ির ছাদ থেকে দেশীয় অস্ত্র ‘ফালা’ ছুড়ে মারা হয়। সেই ফালা সরাসরি হালিম সর্দারের গলায় বিদ্ধ হলে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন এবং মারা যান। পরে পরিবারের সদস্যরা তার মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
এসকাগজ/আরডি









