স্ত্রীসহ সাবেক ডিবি প্রধান মনিরুলের সম্পদ বিবরণী তলব করে দুদকের নোটিশ
- Update Time : 12:10:18 pm, Friday, 18 September 2026
- / 9 Time View
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের প্রাথমিক প্রমাণ পাওয়ায় সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ও গোয়েন্দা পুলিশের (ডিবি) সাবেক প্রধান মো. মনিরুল ইসলাম এবং তার স্ত্রী জাকিয়া পারভীনের পৃথক সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দিয়ে নোটিশ জারির সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গতকাল বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুদকের কমিশন বৈঠকে এ সিদ্ধান্ত অনুমোদিত হয়।
আজ শুক্রবার সংস্থার জনসংযোগ অধিদপ্তর সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
দুদক জানায়, অনুসন্ধানে মনিরুল ইসলামের নামে ১ কোটি ৯৬ লাখ ৯৩ হাজার টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ এবং ৪০ লাখ ৭৮ হাজার টাকার পারিবারিক ব্যয় পাওয়া গেছে। তার বৈধ আয় ২ কোটি ৩১ লাখ ৯১ হাজার টাকা হিসাব করা হলেও ৫ লাখ ৭৯ হাজার টাকার বেশি আয়ের অসংগতি বা অবৈধ সম্পদের প্রাথমিক প্রমাণ মিলেছে।
তার স্ত্রী জাকিয়া পারভীনের নামে ৩৮ লাখ ৮ হাজার টাকার সম্পদ ও ৭ লাখ ১৭ হাজার টাকার ব্যয় পাওয়া গেছে।
তার গ্রহণযোগ্য আয় মাত্র ১২ লাখ ৪০ হাজার টাকা হওয়ায় ব্যয় ও সম্পদের সঙ্গে আয়ের ব্যবধান বা অসংগতি পাওয়া গেছে প্রায় ৩২ লাখ ৮৬ হাজার টাকা।
দুদক সূত্রে জানানো হয়, প্রাথমিক অনুসন্ধানে অবৈধ সম্পদ অর্জনের ভিত্তি পাওয়ায় দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(১) ধারার বিধান অনুযায়ী তাদের দুজনকেই নিজ নিজ স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা ও আয়ের উৎসের পূর্ণাঙ্গ বিবরণী নির্ধারিত সময়ের মধ্যে কমিশনে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।







