সুশাসন ও আইন-শৃঙ্খলা উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার : গণপূর্ত প্রতিমন্ত্রী
- Update Time : 01:26:43 pm, Tuesday, 15 September 2026
- / 1 Time View
আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং সুশাসন নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর। তিনি বলেন, সরকারি সেবায় যেকোনো অনিয়ম, দুর্নীতি ও হয়রানি রোধে সরকার অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সরকারি কার্যাবলি তদারকি ও সমন্বয়ের লক্ষ্যে আয়োজিত বিশেষ সভায় তিনি এসব কথা বলেন।
উন্নয়নবঞ্চিত ঝালকাঠির জনগণের সার্বিক উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী দ্রুত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক সেবা নিশ্চিত করতে সকলকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।
সভায় ঝালকাঠি জেলার চলমান ও প্রস্তাবিত বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের অগ্রগতি নিয়েও আলোচনা করা হয়। ঝালকাঠি জেলা প্রশাসক মো. মমিন উদ্দিনের সভাপতিত্বে এ সভায় সংসদ সদস্য রফিকুল ইসলাম জামালসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

